২০২৫ সালে স্বজনদের হাতে ৪৭ হাজারের বেশি নারী-মেয়েশিশু নিহত: জাতিসংঘ

ডেস্ক, রাজনীতি ডটকম
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বিশ্ব জুড়ে ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের শিকার ৭৮ হাজার নারী ও মেয়েশিশু। ফাইল ছবি: রয়টার্স
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বিশ্ব জুড়ে ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের শিকার ৭৮ হাজার নারী ও মেয়েশিশু। ফাইল ছবি: রয়টার্স

বিশ্ব জুড়ে ২০২৫ সালে প্রতি ঘণ্টায় গড়ে পাঁচজন নারী ও মেয়েশিশু তাদের ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের সদস্যদের হাতে নিহত হয়েছেন। বছর জুড়ে এভাবে প্রাণ হারিয়েছেন ৪৭ হাজারের বেশি নারী ও মেয়েশিশু। আগের কয়েক বছরের তুলনায় এ সংখ্যা প্রায় অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন এবং মাদক ও অপরাধবিষয়ক কার্যালয়ের (ইউএনওডিসি) তৈরি করা প্রতিবেদনে বিশ্বের ১২২টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত কয়েক বছর ধরে ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নিহত নারী ও মেয়েশিশুর সংখ্যা ৪৫ হাজার থেকে ৫১ হাজারের মধ্যে ওঠানামা করেছে। নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস সামনে রেখে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, গত বছর ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের শিকার ৭৮ হাজার নারী ও মেয়েশিশুর মধ্যে প্রায় ৬০ শতাংশকে তাদের ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যরা হত্যা করেছেন।

হিসাব অনুযায়ী, ৪৭ হাজার নারী ও মেয়েশিশু নিহত হওয়ার অর্থ প্রতিদিন গড়ে ১২৯ জনের প্রাণহানি। ২০২৫ সালে বিশ্ব জুড়ে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের মধ্যে নারীর হার ছিল ১৯ শতাংশ। তবে নারী হত্যার ক্ষেত্রে বাড়ি বা পারিবারিক পরিসরই সবচেয়ে ঝুঁকিপূর্ণ। নিহত নারীদের ৬০ শতাংশ নিজ বাড়ি বা পারিবারিক পরিসরে হত্যার শিকার হয়েছেন। অন্যদিকে, হত্যাকাণ্ডের শিকার পুরুষদের মধ্যে এ ধরনের পরিস্থিতিতে প্রাণ হারিয়েছেন মাত্র ১১ শতাংশ।

জাতিসংঘ বলেছে, পারিবারিক সহিংসতা প্রতিরোধের উদ্যোগে শুধু ঘনিষ্ঠ সম্পর্ক নয়, পরিবারের বৃহত্তর পরিসরের সম্পর্কগুলোকেও গুরুত্ব দিতে হবে।

বিশ্বের কোনো অঞ্চলই এ ধরনের হত্যাকাণ্ড থেকে পুরোপুরি নিরাপদ নয়। তবে ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নারী ও মেয়েশিশু হত্যার সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে আফ্রিকায়। সেখানে নিহতের সংখ্যা ২২ হাজার ১০০। এরপর এশিয়ায় ১৫ হাজার ১০০, আমেরিকায় ৭ হাজার ৪০০, ইউরোপে ২ হাজার ১০০ এবং ওশেনিয়ায় ৩০০ নারী ও মেয়েশিশু নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্ব জুড়ে সামগ্রিক হত্যাকাণ্ডের হার কমলেও নারীদের লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ডের হার তুলনামূলক ধীরগতিতে কমছে। আমেরিকা ও ইউরোপে এ প্রবণতা বিশেষভাবে লক্ষণীয়।

জাতিসংঘের মতে, এসব অপরাধের শিকড় সমাজের প্রচলিত রীতিনীতি এবং নারী-পুরুষের ভূমিকা নিয়ে গড়ে ওঠা গতানুগতিক ধারণার গভীরে প্রোথিত। পাশাপাশি বিচারব্যবস্থায় প্রবেশাধিকার পাওয়ার ক্ষেত্রেও নারীদের নানা বাধার মুখে পড়তে হয়।

নারী ও মেয়েশিশুকে লিঙ্গের কারণে হত্যা করাকে ‘ফেমিসাইড’ বা নারীনিধন বলা হয়। ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে হত্যার বাইরেও সংঘবদ্ধ অপরাধ, জোরপূর্বক শ্রম কিংবা মানবপাচারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু হত্যাকাণ্ড এ সংজ্ঞার অন্তর্ভুক্ত হতে পারে।

তবে ব্যক্তিগত বা পারিবারিক পরিসরের বাইরে সংঘটিত নারীনিধনের তথ্য এখনো অত্যন্ত সীমিত। এ কারণে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে এ ধরনের অপরাধের প্রকৃত ব্যাপ্তি নির্ধারণ করা সম্ভব হচ্ছে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র: বাসস

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad