মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরি, ইরান ঘিরে বাড়ছে সামরিক প্রস্তুতি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২৩: ৫১
ইউএসএস থিওডোর রুজভেল্ট। ছবি: উইকিমিডিয়া কমন্স
ইউএসএস থিওডোর রুজভেল্ট। ছবি: উইকিমিডিয়া কমন্স

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) অধীন এলাকায় মার্কিন বিমানবাহী রণতরির সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে।

এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সোমবার (১৬ নভেম্বর) দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, মার্কিন নৌবাহিনীর পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী ইউএসএস থিওডোর রুজভেল্ট রোববার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।

রণতরিটি প্রথমে ইউএসএস জর্জ ওয়াশিংটনের স্থলাভিষিক্ত হওয়ার কথা ছিল। তবে জর্জ ওয়াশিংটনও আপাতত ওই অঞ্চলে অবস্থান করছে। ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি আরও শক্তিশালী হয়েছে।

ইরানের সঙ্গে কূটনৈতিক তৎপরতায় অগ্রগতি না হওয়া এবং বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ইরানি ড্রোন হামলার ঘটনার পর এই মোতায়েনকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে ওই অঞ্চলে রুজভেল্টের পাশাপাশি ইউএসএস জর্জ ওয়াশিংটন ও ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ অবস্থান করছে। এসব রণতরির সঙ্গে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ডেস্ট্রয়ার এবং অন্যান্য যুদ্ধজাহাজও থাকে। ফলে প্রয়োজনে আকাশপথে হামলা, নজরদারি ও প্রতিরক্ষা কার্যক্রম পরিচালনায় যুক্তরাষ্ট্রের সক্ষমতা বাড়বে।

রণতরিটি মধ্যপ্রাচ্যে পৌঁছানোর আগের দিন রোববার বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটে। সেখানে মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টার পরিচালনার একটি ঘাঁটি রয়েছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তারা ওই স্থাপনায় ড্রোন পাঠিয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের ছোড়া দুটি ড্রোন তারা প্রতিহত করেছে। হামলায় মার্কিন আগাম সতর্কীকরণ রাডার ধ্বংসের ইরানি দাবিও যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে।

এদিকে গত ৪৮ ঘণ্টায় পাঁচটি জাহাজ মাইনে আঘাত পেয়ে আগুন ধরার কথা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। তবে জাহাজগুলোর পরিচয় বা ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ করা হয়নি। একই সময়ে হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার খবরও এসেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ২৮ ফেব্রুয়ারির যৌথ হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হয়। এরপর যুদ্ধবিরতি ও সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ী হয়নি। সর্বশেষ পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মঙ্গলবার ওমান সফরে যাওয়ার কথা রয়েছে। সেখানে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার আলোচনা হওয়ার কথা।

কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি সামরিক উপস্থিতি বাড়ানোর এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad