শি জিনপিংয়ের বক্তব্যের সময় তন্দ্রাচ্ছন্ন ট্রাম্প, সমালোচনার ঝড়

চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের একটি অধিবেশনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বক্তব্যের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বসে থাকতে দেখা গেছে। আজ বৃহস্পতিবার ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ট্রাম্পকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যায়, জিনপিং বক্তব্য দেওয়ার সময় ক্যামেরা ট্রাম্পের দিকে ঘোরানো হয়। তখন প্রায় ১০ সেকেন্ড ধরে তার চোখ বন্ধ ছিল। সামনে মাইক্রোফোন ও বৈঠকের নথিপত্র রাখা থাকলেও তাকে নড়াচড়া করতে দেখা যায়নি। সম্মেলনের মিডিয়া সেন্টারের বড় পর্দায় তখন বৈঠকের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের খবরে বলা হয়, জিনপিং ওই গোলটেবিল বৈঠকে মুক্ত ও অবাধ বাণিজ্যের গুরুত্ব নিয়ে কথা বলছিলেন। ট্রাম্পের চোখ বন্ধ করে থাকার দৃশ্যটি সেখানে উপস্থিত সাংবাদিকদের নজরে আসে। তাদের অনেকে মুঠোফোনে ঘটনাটি ধারণ করেন।
‘বিশ্ব তার দিকে তাকিয়ে হাসছে’
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ট্রাম্পের সমালোচকরা নানা মন্তব্য করেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের প্রেস দপ্তর ভিডিওটি এক্সে শেয়ার করে ক্যাপশনে লিখেছে, ‘বিশ্ব তার দিকে তাকিয়ে হাসছে।’
‘রিপাবলিকানস এগেইনস্ট ট্রাম্প’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রথম ভিডিওটি প্রকাশ করা হয়। পোস্টে দাবি করা হয়, চীনে এপেক সম্মেলনের সময় ঘুমিয়ে পড়েছিলেন ট্রাম্প।
রাজনৈতিক ভাষ্যকার ও ট্রাম্পের নিয়মিত সমালোচক ব্রায়ান ক্রাসেনস্টাইন ঘটনাটিকে সব মার্কিন নাগরিকের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন। আইনজীবী ও ট্রাম্পের সমালোচক জর্জ কনওয়ে এক্সে লিখেছেন, ‘বিব্রতকর, ঠিকই। তবে এভাবে থাকলে বিশ্ব আরও নিরাপদ।’
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যবহারকারী লিখেছেন, চীনের শেনজেনে এপেক সম্মেলনের একটি অধিবেশনে ট্রাম্পকে ঘুমিয়ে পড়ার মতো অবস্থায় দেখা গেছে। আরেকজন লিখেছেন, ‘চীনে একটি বৈঠকে ট্রাম্প ঘুমিয়ে পড়েছেন। ভাই, আমাদের অবস্থা শেষ।’ অন্য একজন ঘটনাটিকে ‘অত্যন্ত অপমানজনক’ বলে মন্তব্য করেছেন।
বিবিসির বরাত দিয়ে আর্থিক ও ব্যবসায়িক তথ্যভিত্তিক সংবাদমাধ্যম মানিকন্ট্রোল জানিয়েছে, সম্মেলনের সময় ট্রাম্পকে চোখ বন্ধ করে থাকতে দেখা গেছে। নিউসমের প্রেস দপ্তর এর আগেও ট্রাম্পকে ‘ডোজি ডন’ (ঘুমকাতুরে ডন) বলে আখ্যা দিয়েছিল।
আগেও ঘুমিয়ে পড়ার অভিযোগ
প্রকাশ্য অনুষ্ঠানে ট্রাম্পের চোখ বন্ধ করে থাকার অভিযোগ নতুন নয়। গত সেপ্টেম্বর ও অক্টোবরে হোয়াইট হাউজের ওভাল অফিসে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত একটি বৈঠকের সময়ও তাকে চেয়ারে বসে ঘুমিয়ে পড়তে দেখা গেছে বলে অভিযোগ ওঠে।
তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন ট্রাম্প। গত জানুয়ারিতে এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, বৈঠকগুলো তার কাছে ‘আরামদায়ক’ মনে হয়। চোখ বন্ধ করে থাকার ব্যাখ্যায় তিনি বলেন, আসলে চোখের পলক ফেলছিলেন।
গত জুনে কংগ্রেসের এক শুনানিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও ট্রাম্পের নিয়মিত ঘুমিয়ে পড়ার অভিযোগ নাকচ করেন। রুবিও বলেন, ‘আমি কখনো তাকে ঘুমিয়ে পড়তে দেখিনি। বরং উল্টো, লোকটি ঘুমানই না, আর সেটাই বড় সমস্যা।’ ট্রাম্প গভীর রাতেও তাকে কয়েকবার ফোন করেছেন বলেও জানান তিনি।
২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হন ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের রেকর্ড ছাড়িয়ে যান।
ট্রাম্প অবশ্য প্রায়ই বাইডেনকে ‘স্লিপি জো’ (ঘুমকাতুরে জো) বলে কটাক্ষ করতেন। তবে ২০২৫ সাল থেকে বিভিন্ন প্রকাশ্য অনুষ্ঠানে ট্রাম্পের চোখ বন্ধ করে থাকার ভিডিও ছড়িয়ে পড়ায় তার বয়স ও কর্মক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে।
















