থাইল্যান্ড থেকে উইঘুরদের ফের চীনে ফেরত পাঠানোর শঙ্কা, ‘দাসের মতো বাঁচতে হবে’

ডেস্ক, রাজনীতি ডটকম
২০১৪ সালে দুই শতাধিক উইঘুর মুসলিম থাইল্যান্ড সীমান্তে আটক হন। ছবি: সংগৃহীত
২০১৪ সালে দুই শতাধিক উইঘুর মুসলিম থাইল্যান্ড সীমান্তে আটক হন। ছবি: সংগৃহীত

চীনে ফেরত পাঠানো হলে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা করছেন থাইল্যান্ডে আটক দুই উইঘুর মুসলিম। তাদের একজন আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চীনে ফেরত গেলে তাকে ‘দাসের মতো’ জীবন কাটাতে হবে। মানবাধিকার কর্মীরা বলছেন, দুই ব্যক্তিকে চীনে ফেরত পাঠানো হলে তাদের জীবন গুরুতর ঝুঁকিতে পড়বে। তাদের নিরাপদ কোনো তৃতীয় দেশে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য থাইল্যান্ড সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, এর আগে গত বছর থাইল্যান্ডের কর্তৃপক্ষ ৪০ জন উইঘুর পুরুষকে জোর করে চীনে ফেরত পাঠায়। তাদের আপত্তি ও জাতিসংঘের অনুরোধ উপেক্ষা করেই এ পদক্ষেপ নেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্র ও কানাডা ওই ব্যক্তিদের আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছিল বলে খবর প্রকাশিত হয়। তবে বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের অবনতি এড়াতে ব্যাংকক তাদের চীনে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় বলে ধারণা করা হয়। জাতিসংঘ জানিয়েছে, ফেরত পাঠানো ওই ৪০ জনের বর্তমান অবস্থান এখনো অজানা।

এবার আরও দুই উইঘুরকে চীনে ফেরত পাঠানোর আশঙ্কা তৈরি হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, সম্প্রতি তাদের অভিবাসন আটককেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। এতে আশঙ্কা তৈরি হয়েছে, বেইজিংয়ের চাপের মুখে থাইল্যান্ড আবারও তাদের চীনে পাঠাতে পারে। জাতিসংঘ উইঘুরদের বিরুদ্ধে চীনের দমন-পীড়নকে সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধ হিসেবে অভিহিত করেছে।

চীনের জিনজিয়াং অঞ্চলের প্রধানত তুর্কি ভাষাভাষী সংখ্যালঘু জনগোষ্ঠী উইঘুররা কয়েক দশক ধরে বৈষম্য ও দমন-পীড়নের শিকার। তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয় মুছে ফেলার উদ্দেশ্যে চীনা কর্তৃপক্ষ ব্যাপক আটক অভিযান চালিয়েছে। জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওই অঞ্চলে কয়েক লাখ মানুষকে বন্দিশিবিরে আটকে রাখা হয়েছিল। তবে বেইজিং এসব পদক্ষেপকে দারিদ্র্য বিমোচন ও সন্ত্রাসবাদ দমনের উদ্যোগ হিসেবে ব্যাখ্যা করে আসছে।

চীনে ফিরতে চান না আটক ব্যক্তিরা

নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার শর্তে দুই ব্যক্তির একজনের বান্ধবী গার্ডিয়ানকে জানিয়েছেন, তার প্রেমিক চীনে ফেরার বদলে অন্য যেকোনো দেশে যেতে চান। জুলাই মাসে ওই ব্যক্তি তার বান্ধবী মারজিয়া কাসেমকে (যিনি নিজের ইসলামি ছদ্মনাম ব্যবহারের অনুরোধ জানিয়েছেন) একটি চিঠি লিখেছিলেন। তাতে তিনি বলেন, চীনে ফেরত গেলে তাকে দাসের মতো থাকতে হবে। চিঠিতে তিনি আরও লেখেন, ‘কখনো কখনো ভাবি, আমি কেন মানুষ? চীনের বিরুদ্ধে আমি কী অন্যায় করেছি? কেউ চীনে ফিরতে চায় না।’

কাসেম চিঠিটি থাইল্যান্ডের একটি মানবাধিকার সংগঠনের কাছে সরবরাহ করেছেন। তার ভাষ্য, গত বছর গণহারে উইঘুরদের চীনে ফেরত পাঠানোর ঘটনায় আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছিল থাইল্যান্ড। এবার দুই ব্যক্তিকে ফেরত পাঠানোর জন্য কর্তৃপক্ষ আরও গ্রহণযোগ্য আইনি ভিত্তি তৈরির চেষ্টা করছে বলে তার ধারণা।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসন দুই ব্যক্তিকে নিরাপদ তৃতীয় কোনো দেশে যাওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আগের থাই সরকারগুলো উইঘুরদের বছরের পর বছর অমানবিক পরিবেশে আটক রেখে শেষ পর্যন্ত বেইজিংয়ের দাবিতে তাদের চীনে ফেরত পাঠিয়েছে। ফেরত পাঠানোর পর তাদের গুম করা হয়েছে।

দুই ব্যক্তি বুধবার থাইল্যান্ডের জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে তাদের পরিস্থিতি তুলে ধরে আবেদন জানিয়েছেন বলে মানবাধিকার কর্মীরা জানিয়েছেন।

২০১৪ সাল থেকে আটকে থাকা উইঘুরদের পরিণতি

দুই ব্যক্তি ২০১৪ সালে চীন থেকে পালিয়ে আসা দুই শতাধিক উইঘুর নারী, পুরুষ ও শিশুর একটি দলের সদস্য। ওই বছরের শেষ দিকে মালয়েশিয়া সীমান্তের কাছে থাই পুলিশ তাদের আটক করে। পরে দলটির নারী ও শিশুদের তুরস্কে যেতে দেওয়া হলেও পুরুষদের বিভিন্ন দফায় চীনে ফেরত পাঠানো হয়। এ নিয়ে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ আন্তর্জাতিক মহল সমালোচনা করেছে।

বর্তমানে চীনে ফেরত পাঠানোর ঝুঁকিতে থাকা দুই ব্যক্তি ২০২০ সালের জানুয়ারিতে অভিবাসন আটককেন্দ্র থেকে পালানোর চেষ্টা করেছিলেন। এ ঘটনায় তাদের সাত বছরের কারাদণ্ড হয়েছিল। তাদের সঙ্গে আরও তিনজন উইঘুর এখনো কারাগারে রয়েছেন।

চীনের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে প্রশ্ন

থাইল্যান্ডের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান চাইপ্রুয়াক দুয়াংপ্রপাত সাংবাদিকদের জানিয়েছেন, কারাগারে থাকা তিনজনসহ ওই দুই উইঘুরের বিরুদ্ধে চীনে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তবে তাদের প্রত্যর্পণের জন্য চীন আনুষ্ঠানিকভাবে কোনো আবেদন করেছে কি না, তা স্পষ্ট নয়।

গ্রেপ্তারি পরোয়ানার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা। কাসেমের প্রেমিক যখন চীন ছাড়েন, তখন তিনি অপ্রাপ্তবয়স্ক ছিলেন বলে দাবি করা হয়েছে। কাসেমের প্রশ্ন, ২০১৪ সালে তাদের আটকের পর চীন যদি সত্যিই অপরাধের অভিযোগে তাদের খুঁজত, তাহলে তখনই ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়নি কেন?

অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, চোরাচালানসহ আন্তসীমান্ত অবৈধ ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে চীন ও থাইল্যান্ডের সহযোগিতা দুই দেশের আইন, আন্তর্জাতিক আইন এবং প্রচলিত রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

উইঘুরদের স্বজনদের অভিযোগ, বিপুলসংখ্যক উইঘুরকে একসঙ্গে নিরাপদ কোনো দেশে আশ্রয় নিয়ে বসবাস করতে দিতে চায় না চীন সরকার। বরং তাদের চীনে ফেরত নেওয়াই বেইজিংয়ের পছন্দ। ফলে দুই ব্যক্তিকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর আশঙ্কা, গত বছরের ৪০ জনের মতো এই দুজনকেও ফেরত পাঠানো হলে তাদের পরিণতি অজানাই থেকে যেতে পারে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad