পদকহীন এশিয়ান গেমস, ব্যর্থতার দায় নিলেন লিটন
-3a49ad-480x270.webp)
সোনা জয়ের লক্ষ্য নিয়ে এশিয়ান গেমসে গেলেও শেষ পর্যন্ত পদক ছাড়াই ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জও হাতছাড়া হয়েছে। নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করেছেন অধিনায়ক লিটন দাস। তবে এই মুহূর্তে অধিনায়কত্ব ছাড়ার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি।
এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার পর এবারই প্রথম কোনো পদক পেল না বাংলাদেশ। ২০১০ সালে ক্রিকেট যুক্ত হওয়ার পর থেকে প্রতিটি আসরেই ছেলেদের ও মেয়েদের ইভেন্টে বাংলাদেশের অন্তত একটি পদক ছিল। তবে আইচি-নাগোয়া এশিয়াডে দুই ইভেন্টেই পদক হারিয়েছে বাংলাদেশ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন নিজের পারফরম্যান্স নিয়েও হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, দুই ম্যাচেই নিজের সেরাটা দিতে পারেননি। তবে ক্রিকেটে উত্থান-পতন থাকায় এখনই অধিনায়কত্ব ছাড়ার প্রয়োজন দেখছেন না তিনি।
ফাইনালে উঠতে না পারার পর ব্রোঞ্জ জয়ের সুযোগটিও হাতছাড়া হওয়ায় হতাশ লিটন। তার ভাষায়, দলের লক্ষ্য ছিল বড়, কিন্তু অনেক সুযোগ নষ্ট হয়েছে এবং ভালো ক্রিকেট খেলতে না পারার কারণেই এমন ফল হয়েছে।
তবে দলের প্রস্তুতির ঘাটতি ও খাবারের ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ অধিনায়ক। তার দাবি, পর্যাপ্ত অনুশীলনের সুযোগ ছিল না এবং খেলোয়াড়দের উপযোগী খাবারের ব্যবস্থাও হয়নি। এ কারণে ক্রিকেটারদের বাইরে গিয়ে খাবার খেতে হয়েছে বলে জানান তিনি। পর্যাপ্ত অনুশীলনের সুযোগ থাকলে খেলোয়াড়দের বাইরে ঘোরাফেরা নিয়েও প্রশ্ন উঠত না বলে মন্তব্য করেন লিটন।
তবে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দলের ব্যর্থতার জন্য এসব সমস্যাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাননি তিনি। বরং আবারও দলের দায় স্বীকার করে লিটন বলেন, বাংলাদেশ দল হিসেবে তারা ভালো ক্রিকেট খেলতে পারেনি।
















-dcb7d1-256x144.webp)