বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসি চেয়ারম্যান হলেন জয় শাহ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন জয় শাহ। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এবং ভোটাভুটি ছাড়াই দায়িত্ব পেয়েছেন তিনি। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবের পর তাঁকে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। নতুন মেয়াদে ২০৩০ সালের শেষ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন ৩৮ বছর বয়সী জয় শাহ।
২০২৪ সালের আগস্টে প্রথমবার আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব হিসেবে দায়িত্ব পালন করেন জয় শাহ। তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর আইসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জয় শাহ।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি গভীরভাবে সম্মানিত। প্রত্যেক পরিচালকের প্রতি তাদের অব্যাহত বিশ্বাস ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে সম্মান ও দায়িত্বের বিষয়। বিশ্বের ক্রিকেটের উন্নয়নে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
ক্রিকেটের ভবিষ্যৎ আরও শক্তিশালী ও টেকসই করার ওপর গুরুত্ব দিয়েছেন জয় শাহ। তিনি বলেন, খেলাটির দায়িত্ব শুধু সফল আয়োজন নিশ্চিত করার মধ্যে সীমাবদ্ধ নয়। সমর্থক, খেলোয়াড়, বাণিজ্যিক অংশীদার ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনকে গুরুত্ব দিয়ে ক্রিকেটের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। তাঁর মতে, মানুষকে একত্রিত করার সক্ষমতাই ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি।
এদিকে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনকে নতুন দর্শক ও প্রজন্মের কাছে খেলাটি পৌঁছে দেওয়ার বড় সুযোগ হিসেবে দেখছেন আইসিসির নতুন মেয়াদের চেয়ারম্যান। জয় শাহ বলেন, ক্রিকেটের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ে প্রবেশ করছে খেলাটি। অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকের কাছে খেলাটিকে পরিচিত করার পাশাপাশি নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার অসাধারণ সুযোগ তৈরি করবে।












