দক্ষিণ আফ্রিকা সফর: ৪ বছর পর টেস্ট দলে নাঈম শেখ, প্রথমবার রবিন

ক্রীড়া প্রতিবেদক
নাঈম শেখ (বাঁয়ে) ও মাহফিজুল ইসলাম রবিন (ডানে)। ছবি: বিসিবি
নাঈম শেখ (বাঁয়ে) ও মাহফিজুল ইসলাম রবিন (ডানে)। ছবি: বিসিবি

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টের শেষ দিনে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনুমিতভাবেই অভিজ্ঞ মুশফিকুর রহিম, মুমিনুল হকের পাশাপাশি দলে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্যই ইতিহাস গড়া ইনিংস খেলা তাওহীদ হৃদয়। বোলিংয়েও ইনজুরির কারণে নাহিদ রানার জায়গা হয়নি এ সফরেও, ফ্রন্টলাইন বোলার বাকি সবাই রয়েছেন স্কোয়াডে।

১৬ সদস্যের এ স্কোয়াডে চমক বলতে দুটি— চার বছর পর টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন নাঈম শেখ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষ দ্বিতীয় টেস্টে ইনজুরির শিকার সাদমান ইসলামের বদলেই মূলত জায়গা করে নিয়েছেন তিনি। তবে নবীন ওপেনার মাহফিজুল ইসলাম রবিনও ডাক পেয়েছেন স্কোয়াডে। যেকোনো আন্তর্জাতিক ফরম্যাটে এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) বিসিবি এ স্কোয়াড ঘোষণা করেছে। ঘরের মাঠে এ দিনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ হলেও বিশ্রাম পাবেন না ক্রিকেটাররা। কারণ তাদের দক্ষিণ আফ্রিকার পথে রওয়ানা হতে হবে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরেই। প্রথম বহরে খেলোয়াড় কোচিং স্টাফসহ ১৫ সদস্য দেশ ছাড়বেন। এরপর আগামী বুধবার রওনা হবেন বাকি সদস্যরা।

দক্ষিণ আফ্রিকার মাটিতে দুটি টেস্ট খেলার জন্য বাংলাদেশ দলে সদ্যসমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে পরিবর্তন সামান্যই। ইনজুরির কারণে বাদ পড়েছেন সাদমান ইসলাম, কন্ডিশন বিবেচনায় জায়গা হয়নি স্পিনার নাঈম হাসানের। সিলেট টেস্টের জন্য স্কোয়াডে ডাক পেলেও একাদশে জায়গা না পাওয়া মিডল অর্ডার ব্যাটার অমিত হাসানকেও নেওয়া হয়নি দক্ষিণ আফ্রিকা সফরে স্কোয়াডে।

এদিকে ঢাকায় ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টে মাথায় চোট পাওয়ায় সিলেটে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি মুমিনুল হক। তিনি ফিরেছেন স্কোয়াডে। ওপেনার সাদমানের ইনজুরিতে কপাল খুলেছে নাঈম শেখের, যিনি টেস্ট দলে ডাক পেলেন চার বছর পর। আরেক ওপেনার তানজিদ হাসান তামিমের সঙ্গে তৃতীয় ওপেনার হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন নবাগত রবিন।

নাঈম শেখ ও মাহফিজুল রবিন দুজনেই এবারের জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দারুণ ছন্দে আছেন। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১০ ইনিংসে ৬৭২ রান নিয়ে রবিনই এনসিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক। গড় ৭৪ দশমিক ৬৬। দুটি অর্ধশতক আর দুটি শতকের পাশাপাশি অপরাজিত ২১৭ রানের সর্বোচ্চ ইনিংস খেলেছেন তিনি।

অন্যদিকে ৫ ম্যাচে ৭ ইনিংসে ৬১২ রান নিয়ে নাঈম রয়েছেন তালিকার তৃতীয় স্থানে। গড় ১০২। একটি অর্ধশতকের সঙ্গে দুটি শতক রয়েছে তার, সঙ্গে একটি ডাবল সেঞ্চুরিও, যেটি কি না ২৮২ রানের।

টপ ও মিডল অর্ডারে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম আর তাওহীদ হৃদয় রয়েছেন অনুমিতভাবেই। উইকেটরক্ষক হিসেবে রয়েছেন লিটন দাস। ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে জাকের আলী অনিকও যাচ্ছেন দলের সঙ্গে।

বোলিং লাইনআপে দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বিবেচনায় স্পিনার থাকছেন দুজন— মেহেদী হাসান মিরাজ আর তাইজুল ইসলাম। উইন্ডিজ সিরিজে দলে থাকা চার পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী আর শরিফুল ইসলাম থাকছেন দক্ষিণ আফ্রিকা সফরেও। তাদের সঙ্গে বাড়তি পেসার হিসেবে যোগ দিচ্ছেন সৈয়দ খালেদ আহমেদ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে। দুই দল সর্বশেষ ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে মুখোমুখি হয়েছিল। সেবার ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল স্বাগতিকরা।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নাঈম শেখ, মাহফিজুল ইসলাম রবিন, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad