৪ উইকেট তুলে নিয়ে লাঞ্চে বাংলাদেশ, ৫ ফাইফারের অনন্য উচ্চতায় হাসান

প্রথম দিনে দারুণ সূচনা করেও দিনটি নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় দিনের শুরুটাও হলো বাংলাদেশের পক্ষেই। এবার আগুন ঝরালেন হাসান মাহমুদ। এক ওভারেই তুলে নিলেন ২ উইকেট। ৪ ওভারের ব্যবধানে তুলে নিলেন আরও এক উইকেট। তাতেই নিশ্চিত হয়েছে ফাইফার, যার মাধ্যমে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে পাঁচবার ফাইফার নেওয়ার কৃতিত্ব নিজের করে নিলেন হাসান মাহমুদ।
পরে মেহেদী হাসান মিরাজও যোগ দিয়েছেন উইকেট শিকারে। তাতে ওয়েস্ট ইন্ডিজের ৪ উইকেট তুলে নিয়ে মধ্যাহ্নবিরতিতে গেছে বাংলাদেশ। এ সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮ উইকেটে ৩২২ রান। লাঞ্চে যাওয়ার ঠিক আগের বলেই শামার জোসেফ রিভিউ নিয়ে এলবিডব্লিউ থেকে বেঁচে না গেলে ৯ উইকেট হারিয়ে লাঞ্চে যেতে হতো ওয়েস্ট ইন্ডিজকে।
৪ উইকেটে ২৩৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আমির জাঙ্গু ১১১ ও জাস্টিন গ্রিভস ৩৫ রান নিয়ে দিন শুরু করেন। ৮২তম ওভারে টানা দুই বলে উইকেট তুলে নিয়ে দিনের প্রথম ধাক্কাটা দেন হাসান মাহমুদ।
আগের দিনের সঙ্গে আরও ২২ রান যোগ করা জাঙ্গুকে ১৩৫ রানের মাথায় বোল্ড করেন হাসান। পরের বলে রোস্টন চেজকে লিটন দাসের গ্লাভসবন্দি করেন তিনি। কয়েক ওভার পর ২৩ রান করা জশুয়া বিশপ ফেরেন হাসানের বলে লিটনের দারুণ এক স্টাম্পিংয়ে। ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি গ্রিভস। ব্যক্তিগত ৫১ রানে মিরাজের বলে বোল্ড হন তিনি।
আগের দিনের ২ উইকেটে সঙ্গে আজ প্রথম সেশনে হাসান নেন আরও তিনটি। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে পাঁচবার ফাইফাইরের দেখা পেলেন তিনি। লাঞ্চ পর্যন্ত তার বোলিং ফিগার— ২২ ওভারে ১ মেডেন, ৮৬ রানে ৫ উইকেট।











