টসে জিতে বোলিং নিয়েছে পাকিস্তান, চমক ছাড়াই একাদশ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
পাকিস্তানের সঙ্গে প্রথম টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
পাকিস্তানের সঙ্গে প্রথম টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে টসে হেরেছে বাংলাদেশ। টসে জিতে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ বোলিং বেছে নিয়েছেন। ফলে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।

শুক্রবার (৮ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। বাংলাদেশের পক্ষে টস করতে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এ ম্যাচে স্বাগতিক একাদশে নেই কোনো চমক। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে রান করে আসা মিডল অর্ডার ব্যাটার অমিত হাসান রয়েছেন এ সিরিজের স্কোয়াডে। রয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বিধ্বংসী ওপেনার তানজিদ হাসান তামিমও। তবে তাদের কারও জায়গা হয়নি একাদশে।

স্বাগতিকরা একাদশ সাজিয়েছে ৬ ব্যাটারের পাশাপাশি তিন পেসার ও দুই স্পিনার নিয়ে, যাদের মধ্যে একজন অলরাউন্ডার। মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের ওপেনিং জুটির পর ব্যাটার হিসেবে রয়েছেন মুমিনুল হক, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও উইকেট সামলানোর দায়িত্বে থাকা লিটন দাস।

ব্যাটিং অর্ডারে এরপরে রয়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। একাদশে থাকা তিন পেসার হলেন— তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন।

পাকিস্তান স্কোয়াডে থাকলেও একাদশে স্থান পাননি তারকা ব্যাটার বাবর আজম। দুই টপঅর্ডার ব্যাটার আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের অভিষেক হচ্ছে এ ম্যাচের মাধ্যমে। একাদশে রয়েছেন তিন পেসার, একজন বিশেষজ্ঞ স্পিনার, সঙ্গে একজন ব্যাটার কাম স্পিনার।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন।

পাকিস্তান একাদশ

আজান আওয়াইস, ইমাম-উল-হক, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, শাহিন আফ্রিদি, নোমান আলী, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement