দুর্দান্ত জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে ৯ উইকেটের বড় জয়

বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সের পর দুই ওপেনারের দুর্দান্ত শতরানের জুটিতে আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের ধাক্কা সামলে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জিম্বাবুয়েকে ৯ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে সোবহানা মোস্তারির দল।
জিম্বাবুয়ের দেওয়া ১৩২ রানের লক্ষ্য মাত্র ১৭.৩ ওভারেই (১৫ বল হাতে রেখে) টপকে যায় বাংলাদেশের মেয়েরা।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই জিম্বাবুয়ের বোলারদের ওপর চড়াও হন বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার ও সাথী রানি। উদ্বোধনী জুটিতে এই দুজন মিলে যোগ করেন ১০৪ রান, যা দলের জয়ের ভিত মজবুত করে দেয়। দলীয় ১০৪ রানে সাথী রানির বিদায়ে ভাঙে এই জুটি; আউট হওয়ার আগে তিনি ৪৩ বলে ৪৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন। এরপর শারমিন আক্তারকে সঙ্গে নিয়ে বাকি আনুষ্ঠানিকতা সারেন দিলারা। শেষ পর্যন্ত ৬৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি, আর শারমিন অপরাজিত থাকেন ৬ রানে।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। শুরুটা ভালোই করেছিল তারা; প্রথম ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩১ রান সংগ্রহ করে দলটি। সপ্তম ওভারে বিলাভড বিজাকে (১২) ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন রাবেয়া খান।
এরপর দ্রুতই বিদায় নেন শের্ন মেয়ার্স এবং অপর ওপেনার কেলিস এনদোভলু (২২)। তবে চতুর্থ উইকেটে চিপো-মুগেরি ত্রিপানো ও অধিনায়ক জোসেফিন এনকোমোর ব্যাটে প্রতিরোধ গড়ে তোলে জিম্বাবুয়ে। তাদের গুরুত্বপূর্ণ জুটিতে দলীয় সংগ্রহ একশ ছাড়িয়ে যায়। ত্রিপানো ৩০ বলে ৪০ রানের কার্যকর ইনিংস খেলেন এবং অধিনায়ক এনকোমোর ব্যাট থেকে আসে ৩৫ রান। এ ছাড়া মাভুঙ্গা ৮, মুতাশা ৩ ও গুয়ানজো ১১ রান করলে নির্ধারিত ২০ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১৩১ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রাবেয়া খান, তিনি শিকার করেন তিনটি উইকেট। দিশা বিশ্বাসের ঝুলিতে যায় দুটি উইকেট এবং একটি উইকেট নেন রিতুমনি।
পাকিস্তানের বিপক্ষে হারের পর জিম্বাবুয়ের বিপক্ষে এমন দাপুটে জয় বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে। বড় ব্যবধানের এই জয়ে টুর্নামেন্টে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর বার্তাও দিল সোবহানা মোস্তারির দল।












