ক্র্যাম্পে মাঠের বাইরে লিটন, হৃদয়ের ফিফটি

তাওহীদ হৃদয়কে নিয়ে শতরানের জুটির দিকে এগিয়ে যাচ্ছিলেন লিটন দাস। তবে শারীরিকভাবে পুরোপুরি সুস্থ ছিলেন না, বোঝাই যাচ্ছিল। খুঁড়িয়ে খুঁড়িয়ে রান নিচ্ছিলেন। কয়েকবার ফিজিওকেও আসতে হলো মাঠে। শেষ পর্যন্ত আর পারলেন না। ৭৩ বলে ৪৮ রানে অপরাজিত থাকা অবস্থায় মাঠ ছাড়লেন ফিজিওর সঙ্গে।
মিরপুরে সিরিজের তৃতীয় ওয়ানডেতে তখন খেলা হয়েছে মাত্র ৩২ ওভার। দলের রান ১৫৩। ম্যাচ জিতে অস্ট্রেলিয়াকে হোয়াইট করতে হলে লড়াকু একটি সংগ্রহ থেকে দল অনেক দূরে।
এ অবস্থায় তাওহীদ হৃদয়ের সঙ্গে যোগ দিলেন সিরিজের প্রথম ম্যাচের কামব্যাক হিরো মোসাদ্দেক হোসেন। এ দুজন অবশ্য বেশ স্বাচ্ছন্দ্যেই খেলতে শুরু করেছেন অজি ব্যাটারদের। দুজনে এরই মধ্যে ৬৬ বলে ৭২ রানের অপরাজিত জুটিও গড়েছেন। তাতে দলের ইনিংসও গতি পেয়েছে। প্রায় ৪.৫-এ নেমে যাওয়ার পর এখন রানরেট ৫ পেরিয়েছে।
এরই মধ্যে ফিফটি তুলে নিয়েছেন হৃদয়। ৭৮ বলে ৭১ রান করে অপরাজিত রয়েছেন তিনি। ৩৩ বলে ৩৬ করে অপরাজিত মোসাদ্দেক। ৪৩ ওভার শেষে দলের রান ২২৫। ক্রিকইনফোর রান প্রেডিক্টর বলছে, বাংলাদেশের স্কোর ম্যাচ শেষে ২৮০ রানের গণ্ডি পেরিয়ে যেতে পারে। সিরিজের প্রথম ম্যাচে ২৮৪ সংগ্রহ করেছিল বাংলাদেশ। পরে বোলারদের দাপটে এসেছিল সহজ জয়।

















