কবি হিমেল বরকতের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

অকালপ্রয়াত কবি, গবেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হিমেল বরকতের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ রোববার (২২ নভেম্বর)। ২০২০ সালের এই দিনে রাজধানী ঢাকার বারডেম হাসপাতালে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণ দিবস উপলক্ষ্যে মোংলায় রুদ্র স্মৃতি সংসদের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
কবি হিমেল বরকতের জন্ম ১৯৭৭ সালের ২৭ জুলাই, মোংলার মিঠেখালি গ্রামে। বাবা ডা. শেখ ওয়ালীউল্লাহ, মা শিরিয়া বেগম। তার বড় ভাই প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ।
হিমেল বরকত ১৯৯৪ সালে মোংলার সেন্ট পলস উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৯৬ সালে ঢাকার নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
২০০৫ সালে ঢাকা সিটি কলেজে শিক্ষকতার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। ২০০৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০১৮ সালের ৫ জুন তিনি অধ্যাপক পদে উন্নীত হন। মৃত্যুর আগপর্যন্ত তিনি এ বিশ্ববিদ্যালয়েই কর্মরত ছিলেন।
কবি ও গবেষক অধ্যাপক ড. হিমেল বরকতের উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘চোখে চৌদিকে’ (২০০১), ‘বৈশ্য বিদ্যালয়’ (২০১৩), ‘দশ মাতৃক দৃশ্যাবলি’ (২০১৪) এবং গবেষণাধর্মী গ্রন্থ ‘প্রান্তস্বর ব্রাত্যভাবনা’ (২০১৭)। এ ছাড়া পথকবিতা বিষয়ে গবেষণাকর্ম সম্পাদনা করেছেন তিনি। ২০১৭ সালে প্রকাশিত হয় তার গানের বই ‘গানের ঝরাপাতা’। সাহিত্য সমালোচক বুদ্ধদেব বসুকে নিয়ে তার গবেষণাগ্রন্থ প্রকাশিত হয় ২০১৩ সালে।
হিমেল বরকতের অন্যান্য রচনার মধ্যে রয়েছে— ‘ছড়ায় ছড়ায় প্রকৃতির বিস্ময়’, ছোটগল্প ‘আয়না’, কিশোর পাঠ্য রচনা ‘ছন্দ শেখার হাতেখড়ি’ এবং শিশুতোষ গল্প ‘মায়ের ভাষা’ ও ‘পেন্সিল ও রাবারের গল্প’। এসব রচনার কয়েকটি বিভিন্ন পত্রিকা ও প্রকাশনায় প্রকাশিত হয়েছে।
হিমেল বরকত সম্পাদিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ রচনাবলি’ (২০০৫), কবি ত্রিদিব দস্তিদারের ‘কবিতা সমগ্র’ (২০০৫), ‘চন্দ্রাবতীর রামায়ণ ও প্রাসঙ্গিক পাঠ’ (২০১২), ‘রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর শ্রেষ্ঠ কবিতা’ (২০১২), ‘বাংলাদেশের আদিবাসী কাব্যসংগ্রহ’ (২০১৩) এবং ‘রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ স্মারকগ্রন্থ’ (২০১৫)। এ ছাড়া রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর প্রেমের কবিতা নিয়ে তার সম্পাদনায় একটি অনুকাব্য প্রকাশিত হয়েছে। তার বেশ কিছু কবিতার বই ও গান এখনো অপ্রকাশিত রয়েছে।













