মতামত

পোষ্য ভর্তি: মত-মতান্তর

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৩: ৫৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য ভর্তিকে কেন্দ্র করে সেখানে আন্দোলন-অস্থিরতা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য ভর্তিকে ‘প্রাতিষ্ঠানিক সুবিধা’র আওতায় সীমিত পরিসরে সর্বোচ্চ ৪০ জন পোষ্য ভর্তি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বলা প্রয়োজন যে, এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইনস্টিটিউটসহ বিভাগের সংখ্যা ৩৯টি। এই হিসেবে প্রতিটি বিভাগে গড়ে ১জন মাত্র পোষ্য ভর্তি হওয়ার সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি অনুযায়ী শিক্ষার্থীদের সঙ্গে পূর্ব আলোচনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত ব্যক্তি মাত্র একবার এই সুবিধা ভোগ করতে পারবেন।

শিক্ষার্থীদের সঙ্গে প্রাক আলোচনায় কী সিদ্ধান্ত হয়েছে, তা সুনিদির্ষ্টভাবে জানা যায়নি। তবে শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের ব্যাপক বিরোধিতা করে বিশ্ববিদ্যালয় অচল করে দেয়ার যে হুমকি-ধমকি দিচ্ছেন, তা লক্ষণীয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কোনো শিক্ষার্থী পোষ্য ভর্তি ফের চালু করলে বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঘটনা থেকে শিক্ষা নেয়ার হুমকি দেন। কোনো কোনো শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্য কোটার কবর দেয়ার কথা উল্লেখ করে লিখেন ‘যা কবর দেয়া হয়েছে, তা আর ফিরে আসবে না।’ বক্ষ্যমাণ নিবন্ধে ‘প্রাতিষ্ঠানিক সুবিধা’, ‘পোষ্য’ এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়া প্রসঙ্গে কোটা পদ্ধতি নিয়ে আলোচনা করতে চাই।

পৃথিবীর সর্বত্র সরকারি-বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠানে নানা ধরনের প্রাতিষ্ঠানিক সুবিধা আছে। বাংলা অভিধানে প্রাতিষ্ঠানিক সুবিধা বলতে ‘সাধারণত কোনো প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত সুযোগ-সুবিধা বা উপকারিতাকে বোঝানো হয়েছে। এখানে আরও বলা হয়েছে, প্রাতিষ্ঠানিক সুবিধাগুলি ব্যক্তির জন্য মূল্যবান, যা তার কর্মজীবনের উন্নতি বা সামগ্রিক কল্যাণে অবদান রাখতে পারে। ইংরেজিতে প্রাতিষ্ঠানিক সুবিধাকে Institutional opportunities বা Institutional assistance বলা হয়েছে। Institutional opportunities বিশদভাবে তুলে ধরতে গিয়ে বলা হয়েছে, Institutional opportunities refer to openings or chances for growth, improvement, or advancement within an organization, often related to its structure, processes, or resources. এ কথা বলার অপেক্ষা রাখে না যে, এই প্রাতিষ্ঠানিক সুবিধা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিগণ ভোগ করেন। ইংরেজিতে পোষ্যকে Dependent বা Dependant বলা হয়েছে। এই Dependent বা নির্ভরশীলতা যিনি তার অভিভাবক তার ওপর বর্তায়। একজন বাবা-মা যিনি বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, প্রয়োজনে প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় তার পোষ্যকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো মাধ্যমে নির্ভরশীলতার দায়িত্ব পালন করেন।

এবার পোষ্য ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের বিরোধীতা এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়া বা উড়াল দেয়ার প্রসঙ্গে ফেরা যাক। সরকারি চাকরিতে বিশেষত বিসিএস-এ কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এই আন্দোলন মোকাবেলায় সরকারের দমন-পীড়ন ও হত্যাকাণ্ডের ফলে আন্দোলনের ঘটনা পরম্পরায় কোটা সংস্কারের দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ‘এক দফা’য় পরিণত হয় এবং ছাত্র আন্দোলনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন যোগ দেন। ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। বহুল প্রচলিত ৩৬ জুলাই (৫ আগস্ট, ২০২৪) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভারতে পালিয়ে যান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য ভর্তি বিরোধীতাকারী শিক্ষার্থীরা চাকরিতে কোটা প্রথার সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পোষ্য ভর্তি কোটাকে অভিন্ন দৃষ্টিকোন থেকে দেখছেন। আমরা মনে করি, এই দুইটি কোটার মধ্যে সাদৃশ্য নেই। মনে করি বিসিএস চাকরিতে গত বছর মোট পদের সংখ্যা ছিল ৫০০। এরমধ্যে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন কোটাতে ১০০টি পদ সংরক্ষিত। এখানে ১০০টি পদ সংরক্ষিত থাকায় চাকরি প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে ৪০০টি পদের বিপরীতে। এতে স্বাভাবিকভাবেই একজন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সংকুচিত হয়েছে। কোটা ভিত্তিক ১০০টি পদ সংরক্ষিত না থাকলে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র আরও প্রসারিত হতো। সংরক্ষিত ১০০টি পদের প্রভাব প্রত্যেক চাকরি প্রার্থীর ওপর গিয়ে পড়েছে। এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় হোক বা অন্য যে কোনো নামেই হোক পোষ্য ভর্তি কোটায় ফেরা যাক। মনে করি চলতি শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৯০০ শিক্ষার্থী ভর্তি করা হবে। দেশের মধ্যে একমাত্র সম্পূর্ণ আবাসিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে আবাসিক হলসমূহে সিট সংখ্যা ১৯০০টি হওয়ায় সিট বাড়ানোর আরও কোনো সুযোগ নেই। মেধা ভিত্তিক এবং আরও কয়েকটি কোটা যেমন আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী, দলিত সম্প্রদায়, মুক্তিযোদ্ধার সন্তান, প্রতিবন্ধী, খেলোয়াড় কোটায় নির্ধারিত অল্প সংখ্যক শিক্ষার্থীসহ ১৯০০টি সিটের বিপরীতে ১৯০০জন শিক্ষার্থী ভর্তির পর আবাসিক হলসমূহে সিট দেওয়া হবে না এবং আবাসিক হলসমূহে থাকতে পারবে না- এই শর্তে ৪০ জন পোষ্য ভর্তি করা হলো। এই ৪০ জন পোষ্য ভর্তির অনুমতি দেওয়ার ফলে ভর্তিকৃত ১৯০০ শিক্ষার্থীসহ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী অপরাপর শিক্ষার্থীদের ওপর কোনো প্রভাব পড়ছে কী? নিশ্চয় পড়েনি। এবার মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি গ্রহণ করে পোষ্য হিসেবে একজন শিক্ষার্থীকেও ভর্তি করাবে না। এক্ষেত্রে ১৯০০ সিটের স্থলে সিট সংখ্যা বেড়ে ১৯০১টি হবে কী? অবশ্যই না।

সুতরাং একথা স্বীকার্য যে, পোষ্য ভর্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্র্থীদের ওপর কোনো ধরনের প্রভাব ফেলে না। এমতাবস্থায় কোটা আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা উড়াল দেয়া আর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটাকে অভিন্ন করে দেখার সুযোগ নেই। দু’টি ভিন্ন বিষয়কে একই সমান্তরাল করে দেখা শুধু অস্থিরতাই তৈরি করে না, কারো কারো অধিকারকেও ক্ষুণœ করে। যারা পুলিশ বা প্রতিরক্ষা বাহিনীতে চাকরি করেন, তারা রেশনে অপেক্ষাকৃত অনেক কম দামে বিভিন্ন পণ্যদ্রব্য পেয়ে থাকেন। এই সুবিধা আমরা সবাই কী চাইতে পারি বা প্রাপ্য বা এই সুবিধা বন্ধ করে দেয়ার কথা বলতে পারি? পারি না। ব্যাংকে যারা চাকরি করেন, তারা সহজ শর্তে ঋণ নিয়ে বাড়িঘর করতে পারেন। আমরাও কী ওই সুবিধা পেতে পারি? সজহ উত্তর পারি না।

আমরা কথা প্রসঙ্গে উন্নত, আধুনিক এবং প্রগতিশীলতার কথা বলি। অধিকার সুরক্ষা, যুক্তি এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার কথা বলি। বৈষম্য বিলোপের কথা বলি। একজন ব্যক্তি তিনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন, তার প্রতিষ্ঠান প্রদত্ত সুবিধা আমরা আটকাতে পারি না। আমি যা ভোগ করি বা আমি যা প্রাপ্য তা গ্রহণ নাও করতে পারি। ক্ষেত্র বিশেষে সেই সুবিধার কবরও রচনা করতে পারি। কিন্তু অপরজনের সুবিধার কবর আমি রচনা করতে পারি না। কারণ এটির হকদার আমি না। একজনের সুবিধা যদি অপরজনের ওপর প্রভাব না ফেলে, অপরজন বঞ্চনা-ক্ষতিগ্রস্ত না হয়, সেই সুবিধা রদ করার কথা বলা ন্যায়সঙ্গত নয়। আর বলা বাহুল্য যে, একজন চাকরিরত ব্যক্তির পোষ্য সুবিধা একবার মাত্র ব্যবহারের নিয়ম করে চাকরিরত ব্যক্তির যদি একাধিক সন্তান থাকে; এক্ষেত্রে যদি প্রাতিষ্ঠানিক পোষ্য সুবিধার প্রয়োজন পড়ে, কিন্তু নতুন নিয়মের ফলে তা অপর সন্তানের জন্য প্রযোজ্য না হয়, এক্ষেত্রে বৈষম্যের দাবি করা হলে, তা অমূলক হবে না।

ad
ad

মতামত থেকে আরও পড়ুন

হঠাৎ জ্বরের প্রকোপ, কোভিডের ঝুঁকি মাথায় রেখেই চিকিৎসার পরামর্শ

কখনো ঠান্ডা, কখনো গরম— এমন পরিস্থিতির পালাবদলে নারী, পুরুষ, শিশু ও তরুণদের অনেকেই আক্রান্ত হচ্ছেন সাধারণ ‘সর্দি জ্বরে’। এর মধ্যেই আবার দেখা দিয়েছে ‘ভাইরাসজনিত ইনফ্লুয়েঞ্জা জ্বর’ও। শিশুরা ভুগছে নানান ভাইরাসের সংক্রমণে ‘শ্বাসতন্ত্রের প্রদাহজনিত জ্বরে’।

৭ দিন আগে

ভুয়া সনদে নিয়োগ বাতিলে শুদ্ধি অভিযান জরুরি

মেধার পক্ষে দাঁড়ানো মানে শুধু পরীক্ষার্থীর পক্ষে দাঁড়ানো নয়; এটি বাংলাদেশের প্রশাসনিক সক্ষমতা, অর্থনৈতিক ভবিষ্যৎ ও নৈতিক মর্যাদার পক্ষে দাঁড়ানো। এখন সাহসী সিদ্ধান্তের সময়— রাষ্ট্রকে মেধার পক্ষে দাঁড়াতে হবে।

৭ দিন আগে

রাজপথ থেকে ‘গিরিপথে’ জ্বালানি সংকটে বন্দি জনজীবন— সমাধান কোথায়?

সম্ভবত সেই দিক বিবেচনায় আজ শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজার হতে প্রয়োজনীয় তেল ক্রয় করছে। ফলে দেশে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোনো সম্ভাবনা নেই। দ

৮ দিন আগে

তেলে দিনে ১৬৭ কোটি ভর্তুকি: বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বক্তব্য স্পষ্ট করা দরকার

প্রতিমন্ত্রী যখন বলেছেন প্রতিদিন সরকারের ১৬৭ কোটি টাকা ভর্তুকি দেওয়ার কথা, তখন ধরে নেওয়া যায় যে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো কর্মকর্তা হিসাবটি তাকে জানিয়েছেন। কিন্তু সেটি কীভাবে, সে বিষয়টি প্রতিমন্ত্রী তথা সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা দরকার, যেন এ নিয়ে গণবিভ্রান্তির অবসান ঘটে।

৮ দিন আগে