কথায় কথায় বিক্ষোভ করলে জনজীবনের কী হবে?

শাহরিয়ার শরীফ
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ২০: ৪১
বকশিবাজারের আলিয়া মাদরাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী আদালত অপসারণের দাবিতে ওই মাদরাসার শিক্ষার্থীরা বৃহস্পতিবার বকশীবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। ছবি: সংগৃহীত

দেশে হচ্ছেটা কী?— এমন প্রশ্ন মানুষের মুখে মুখে। প্রায় প্রতিদিন ঢাকা শহরে বিক্ষোভ-অবরোধ হচ্ছে, এর ফল প্রচণ্ড যানজট আর মানুষের দুর্ভোগ। যেন ক্ষোভ-বিক্ষোভের শহরে পরিণত হয়েছে ঢাকা।

এমনিতে স্বাভাবিক সময়ে ঢাকায় চলাচল করা কঠিন। যানজটে নাকাল নিত্যদিনের জীবন। তার ওপর এসব ক্ষোভ-বিক্ষোভ, মানববন্ধন আর ভাঙচুরের ঘটনায় নগরজীবন অতীষ্ঠ।

দাবি থাকবে, এর প্রকাশ হবে। কিন্তু কথায় কথায় এভাবে সড়ক অবরোধ করলে জনজীবনের কী হবে?

পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের এজলাসে ভাঙচুর চালানোর পাশাপাশি এজলাস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন-
বকশীবাজারে সড়ক অবরোধ, ঘটনাস্থলে সেনাবাহিনী

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের বাধা দেওয়া হয়। বাধার মুখে তারা আগুন নেভাতে পারেননি। পরে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে তারা আবার যান। গিয়ে দেখেন, এজলাস পুড়ে গেছে।

রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি (পিপি) বোরহান উদ্দিন বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, এজলাসকক্ষ এমনভাবে পুড়ে গেছে যে কোনো সংস্কার না করলে সহসা এখান বিচারকাজ পরিচালনা করা সম্ভব হবে না।

আলিয়া মাদরাসা মাঠে আদালত বসানোর প্রতিবাদ করছেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। তারা এই আদালত সরিয়ে নেওয়ার দাবি করছেন। অস্থায়ী বিশেষ আদালত সরিয়ে নেওয়ার দাবিতে গতকাল দিবাগত রাত ১টার দিকেই তারা সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী। ১০ ঘণ্টা পর আজ বেলা ১১টার দিকে তারা সড়ক থেকে সরে যান। কিন্তু ওই এলাকার সড়কগুলোতে ছিল ইট-পাটকেলের স্তূপ।

বিডিআর বিদ্রোহ তথা পিলখানা হত্যাকাণ্ডের একটি মামলার শুনানি বৃহস্পতিবার এই আদালতে হওয়ার কথা ছিল। উদ্ভূত পরিস্থিতিতে সেই শুনানি স্থগিত করতে হয়েছে।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ১৫ বছর আগের এই হত্যাকাণ্ড পুনর্তদন্তের জন্য গত ২৪ ডিসেম্বর আ ল ম ফজলুর রহমানকে প্রধান করে কমিশন গঠন করে ৯০ দিনের সময় বেঁধে দিয়েছে সরকার। আজ থেকে আলিয়া মাদরাসা মাঠে জামিন শুনানি শুরু হওয়ার কথা ছিল।

ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। পিলখানা হত্যাকাণ্ডের মামলায় দণ্ডিত বিডিআর সদস্যদের কারামুক্তি, মামলার পুনর্তদন্ত, ন্যায়বিচার নিশ্চিত, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসনের দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ ‘ব্লকেড’ করা হয়েছে। চাকরিচ্যুত বিডিআর সদস্যসহ ‘ভুক্তভোগী’ পরিবারের সদস্য ও স্বজনরা এই ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছেন।

বেলা দেড়টার দিকে শাহবাগ ‘ব্লকেড’ করা হয়। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। শাহবাগ মোড়সংশ্লিষ্ট বিভিন্ন সড়কে তৈরি হয় তীব্র যানজট।

গতকাল রাত থেকে বকশীবাজার-শাহবাগ এলাকায় চলছে অস্থিরতা। একেকদিন একেক এলাকার জনজীবন ব্যাহত হচ্ছে। বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। কিন্তু অন্য এলাকার কী হবে?

এমনিতেই রাজধানীর অলিগলি ও আশপাশের এলাকায় চলাচলকারী অবৈধ ব্যাটারির রিকশা ও ইজিবাইক উঠে এসেছে মূল সড়কে। এলোমেলো চলাচল, হুটহাট ঘোরানো, উলটো পথে চলাচলের কারণে ঘটছে দুর্ঘটনা।

শুধু ব্যাটারির রিকশাচালকরাই নন, অন্য পরিবহণচালকদেরও অনেকে সড়ক আইন মানছেন না। ট্রাফিক পুলিশের নির্দেশনা অমান্য করে তারা চলার চেষ্টা করছেন খেয়ালখুশিমতো। আছে পুরানো যানবাহন, অদক্ষ চালকের বাড়াবাড়ি।

এমনিতেই নানা কারণে জনজীবনে রয়েছে অস্বস্তি। জিনিসপত্রের দাম, ছিনতাই-ডাকাতি, রাজনৈতিক সংঘাত, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ নানা কারণে দুশ্চিন্তার অন্ত নেই। রাজনৈতিক সংকট তো আছেই।

যে শহরে স্বাভাবিক অবস্থায় চলাফেরা করা কঠিন, সেখানে এমন নৈরাজ্য ও বিশৃঙ্খলা থাকলে মানুষ ঘরের বাইরে বের হবে কীভাবে? এভাবেই কি চলতে থাকবে? এটাই কি বাক স্বাধীনতা ও সুশাসনের দৃষ্টান্ত?

লেখক: সাংবাদিক

Ad
Ad
ad
ad
ad

মতামত থেকে আরও পড়ুন

সরকারের সামনে চ্যালেঞ্জ, উত্তরণে প্রয়োজন অর্থনীতি-রাজনীতির সমন্বিত কৌশল

একটি নবনির্বাচিত বা নতুন গঠিত সরকারের সামনে রাষ্ট্র পরিচালনার নানাবিধ সংকট ও চ্যালেঞ্জ এসে দাঁড়ায়। তবে বর্তমান প্রেক্ষাপটে নতুন সরকারের পথচলা নিছক রুটিন রাষ্ট্র পরিচালনার বিষয় নয়; বরং এটি একই সঙ্গে রাজনৈতিক সমীকরণ সামলানো, গণআকাঙ্ক্ষা রক্ষা ও অর্থনৈতিক কাঠামোর ধ্বংসস্তূপ থেকে পুনরুত্থানের এক কঠিন পর

১৮ দিন আগে

সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে আসার লক্ষণ এখনো দৃশ্যমান নয়

এখানে একটি গুরুত্বপূর্ণ সূক্ষ্মতা স্পষ্ট করা দরকার— আমি রাজনৈতিক প্রতিবাদ বা আন্দোলনকে অন্যায় বলছি না। আমার মূল যুক্তিটি প্রাতিষ্ঠানিক সম্পর্ক নিয়ে— রাজপথকে যদি প্রধান রাজনৈতিক হাতিয়ার হিসেবে রাখা হয়, তাহলে সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া কঠিন হয়ে পড়ে।

২১ দিন আগে

খাদ্য নিরাপত্তা— নতুন নেতৃত্বে নতুন প্রত্যাশা

মানুষের জীবনে কিছু প্রয়োজন আছে, যেগুলো নিয়ে কোনো আপস চলে না। খাদ্য তার প্রথম সারিতে। সকালে শ্রমজীবী মানুষের নাশতার রুটি, দুপুরে পরিবারের ভাতের হাঁড়ি, কৃষকের গোলায় ধান কিংবা দুর্যোগে অসহায় মানুষের হাতে পৌঁছে যাওয়া খাদ্যসহায়তা—সবকিছুর পেছনেই রয়েছে একটি বিশাল রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। সেই ব্যবস্থাপনার কেন

২২ দিন আগে

পিংক বাস: একটি রঙ, একটি পরিবর্তন ও অনেক প্রশ্ন

বাংলাদেশের গণপরিবহনে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু হওয়া নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ঘটনা। ঢাকার রাস্তায় যখন নারী চালক, নারী সহকারী আর নারী যাত্রীদের নিয়ে বাস চলছে, তখন সেটা দেখতে ভালো লাগে। কিন্তু এই ভালো লাগার ভেতরেই কিছু অস্বস্তিকর প্রশ্ন লুকিয়ে আছে, যে প্রশ্নগুলো শুধু বাসের রং নিয়ে নয়, বরং আ

২৩ দিন আগে
Advertisement