ছাত্রদলের পিটুনির পর বরখাস্ত, ‘আ.লীগ সংশ্লিষ্ট’ জবির ৫ কর্মকর্তা পুলিশ হেফাজতে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে পিটিয়ে প্রক্টর দপ্তরে সোপর্দ করেছিলেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের সাময়িক বরখাস্ত করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পুলিশ ভ্যানে করে ওই পাঁচ কর্মকর্তাকে কোতোয়ালী থানায় নেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মকর্তাদের পুলিশের হাতে তুলে দেওয়ার দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।
পুলিশের হেফাজতে থাকা পাঁচ কর্মকর্তা হলেন— পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রী শেখর মণ্ডল, অর্থ ও হিসাব শাখার উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী পরিচালক মো. জুনায়েদ, নৃবিজ্ঞান বিভাগের ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান এবং রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার মো. নুরুল হুদা।
এর আগে সোমবার রাত ১০টার দিকে উপাচার্যের সম্মেলনকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের কথা জানান উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে তাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।
পাঁচ কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম। মঙ্গলবার দুপুর ২টার দিকে তিনি বলেন, “জবির পাঁচ কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে রাতে হস্তান্তর করেছে। তারা এখন আমাদের হেফাজতে আছেন।”
তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে এবং কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, জানতে চাইলে ওসি বলেন, “এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভালো বলতে পারবে। তাদের সঙ্গে যোগাযোগ করুন। তারা যে সিদ্ধান্ত নেবে, সেটাই হবে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, “তাদের নিরাপত্তার স্বার্থেই আমরা তাদের পুলিশ হেফাজতে দিয়েছি। তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না। আমরা চাচ্ছি, একটি সুন্দর সমাধান করতে। ইতোমধ্যে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।”
কর্মকর্তাদের ছেড়ে দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “তাদের খুব সম্ভবত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হবে। আমরা সে বিষয়েই আলোচনা করছি।”
সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে তল্লাশি চালিয়ে ওই পাঁচ কর্মকর্তাকে আটক করেন শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। এ সময় তাদের মারধর করে প্রক্টর দপ্তরে নিয়ে যাওয়া হয়।














