আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে জবির ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন।
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে উপাচার্যের সম্মেলনকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্ত জানান।
উপাচার্য বলেন, প্রাথমিক তদন্তে ওই কর্মকর্তাদের নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি বিষয়টি আরও তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রী শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং উপরেজিস্ট্রার সৈয়দুর রহমান রনি।
এর আগে সোমবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে তল্লাশি চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কয়েকজন কর্মকর্তাকে আটক করেন শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। পরে তাদের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় আটক কর্মকর্তাদের কয়েকজনকে মারধরের অভিযোগও ওঠে।
তল্লাশির একপর্যায়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের করিডরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি নামিয়ে ভাঙচুর করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিমকেও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। তিনি জানান, করিডরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি রাখার কারণ জানতে চেয়ে শিক্ষার্থীরা তাকে প্রশ্ন করেন এবং এ বিষয়ে ব্যাখ্যা চান।















