বিদেশে কর্মী পাঠানোর সিন্ডিকেট চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতীতে এসব সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল অথবা স্থগিত করেছিল। বর্তমানে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে এ সমস্যা সমাধানে সরকার কাজ করছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে বিদেশে পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। পলাতক স্বৈরাচারের আমলে তাদের লোকজন এভাবে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে।
তারেক রহমান বলেন, এসব ঘটনার কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ রেখেছিল। কোনো কোনো ক্ষেত্রে কর্মী নেওয়া স্থগিত অথবা কমিয়ে দিয়েছিল। তবে মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান হয়েছে। কয়েক দিন আগে প্রবাসীকল্যাণমন্ত্রীও বিষয়টি জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে বহু শ্রমিক মালয়েশিয়ায় গেছেন এবং নতুন করে কর্মী পাঠানোর সুযোগ তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠানোর সক্ষমতা অর্জন করবে সরকার। এই ১০ হাজারের মধ্যে বিগত স্বৈরাচারের সময় গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ বা হতাহত হয়েছেন, এমন পরিবারের প্রায় এক হাজার মানুষকে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে সরকারের আলোচনা চলছে। দেশগুলো নতুন করে বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন খাতে কর্মী নেওয়ার কথা জানিয়েছে।
বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা করে অর্থ আত্মসাৎকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তারেক রহমান। কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার কোনো প্রণোদনা দিতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদ সদস্য একটি প্রণোদনার কথা বলেছেন। তবে এই অর্থ কোথা থেকে আসবে, তা তাঁর কাছে বোধগম্য হয়নি। সংসদ সদস্য বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারলে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার চেষ্টা করা যেতে পারে।
এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য কামরুল হাসান বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দালালদের প্রতারণার শিকার হয়ে অনেক মানুষ নিখোঁজ হচ্ছেন। অনেকে ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করে ভুয়া ভিসায় বিদেশে যাচ্ছেন। সরকার সরাসরি হস্তক্ষেপ করে কোন দেশে কতজন কর্মী নেওয়া হবে এবং যেতে কত টাকা খরচ হবে, তা প্রকাশ করলে সাধারণ মানুষ প্রতারণা থেকে রক্ষা পাবেন বলে মনে করেন তিনি।
তিনি আরও বলেন, সরকার বিদেশে যাওয়ার খরচ নির্ধারণ করে দিলে এবং প্রয়োজনে প্রণোদনা দিলে গ্রামের সাধারণ মানুষকে জমি বিক্রি বা ঋণ নিয়ে অতিরিক্ত টাকা খরচ করে বিদেশে যেতে হবে না। এমনকি একজন রিকশাচালকের সন্তানও দুই থেকে আড়াই লাখ টাকায় বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে সরকার সরাসরি হস্তক্ষেপ করবে কি না, প্রধানমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি।













