জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা: ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার

জাবি প্রতিনিধি
জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা: ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার

৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তের পরিচয় শনাক্ত ও এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়ে তারা প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছেন।

রোববার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে প্রশাসনিক ভবনের তালা খুলে দেন তারা।

এর আগে বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনে তালা দেন আন্দোলনকারীরা। এ সময় প্রশাসনিক ভবনের মধ্যে কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন।

প্রশাসনিক ভবন প্রত্যাহার শেষে অর্থনীতি বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী নাজিহা নাওয়ার বলেন, আমরা আমাদের ৬টি দাবিতেই অনড় রয়েছি। আমাদের ছয়টি দাবির মধ্যে শেষের ৪টি দাবি সময়সাপেক্ষ হলেও প্রথম দুইটি স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়ন সম্ভব। এজন্য আমরা প্রশাসনকে ৭২ ঘণ্টা সময় বেধে দিয়েছি। ৭২ ঘণ্টার মধ্যে প্রশাসনকে অভিযুক্তের পরিচয় শনাক্ত করতে হবে এবং এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করতে হবে।

ইতিহাস বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী লামিশা জামান বলেন, আমাদের প্রশাসনিক ভবন অবরোধের উদ্দেশ্য ছিল যাতে উপাচার্য স্যার এসে আমাদেরকে এই ঘটনার অগ্রগতি সম্পর্কে জানায়। আমরা স্যারের সঙ্গে কথা বলেছি, আমাদের দাবিগুলো জানিয়েছি এবং ৭২ ঘণ্টা সময় দিয়ে আমরা প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছি।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, আমি শিক্ষার্থীদের দাবিগুলোর সঙ্গে একমত। তবে তদন্ত প্রতিবেদন প্রকাশ করার বিষয়টি সম্পূর্ণ তদন্ত কমিটির ওপর। তবে আমরা চেষ্টা করব দ্রুত এই সমস্যাগুলো সমাধান করার জন্য।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে রাস্তা থেকে টেনে নিয়ে পাশের জঙ্গলে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার অজ্ঞাত যুবককে আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রাজনীতি/এসআই

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement