সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়: সমাজকল্যাণমন্ত্রী
-e8d740-480x270.webp)
সরকারের প্রত্যাশা অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় কাজ করছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, শিক্ষাকে জীবনঘনিষ্ঠ করার পাশাপাশি সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচি দেশব্যাপী বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়টি অগ্রণী ভূমিকা রাখছে।
শনিবার (০৩ অক্টোবর) সকালে দিনাজপুর সরকারি কলেজ মাঠে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রংপুর বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় রংপুর বিভাগের বিভিন্ন কলেজ থেকে জেলা পর্যায়ে প্রথম স্থান ও স্বর্ণপদক পাওয়া ১ হাজার ১৫৪ জন শিক্ষার্থী-অ্যাথলেট অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ৭৫৪ জন ছাত্র ও ৪০০ জন ছাত্রী। ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, সাঁতার ও অ্যাথলেটিকসসহ মোট ৭২টি ইভেন্টে প্রতিযোগিতা হবে। আগামী ৬ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে এ আয়োজন শেষ হবে।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, প্রযুক্তি, ভাষা শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের সঙ্গে যুক্ত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান হবে মানুষ তৈরির ক্যাম্পাস, দলবাজির ক্যাম্পাস নয়। তরুণদের সঠিকভাবে গড়ে তুলতে খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার পরিবেশ তৈরির পাশাপাশি আনন্দঘন পরিবেশে শিক্ষা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
ফ্রিল্যান্সিং ও আধুনিক প্রযুক্তির সুফল পেতে শিক্ষার্থী ও যুবসমাজকে প্রাতিষ্ঠানিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণ দেওয়ার ওপর জোর দেন জাহিদ হোসেন। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সারাদেশে বিস্তৃত অধিভুক্ত কলেজগুলোর অবকাঠামো কাজে লাগিয়ে দ্রুত বিপুলসংখ্যক শিক্ষার্থীর কাছে এসব দক্ষতা ও প্রশিক্ষণ পৌঁছে দেওয়া সম্ভব। বর্তমান প্রশাসন এ কাজ এগিয়ে নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার দিকেও নজর দিতে হবে। পরিবর্তিত বিশ্বব্যবস্থা ও কর্মবাজারের চাহিদা বিবেচনায় শিক্ষাব্যবস্থায় গতিশীলতা আনা জরুরি। এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্স ও কারিকুলাম হালনাগাদের কাজ শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সংশোধিত আইসিটি সিলেবাস অনলাইনে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। ভবিষ্যতে বিভিন্ন প্রফেশনাল ও দক্ষতাভিত্তিক কোর্স চালুর পরিকল্পনার কথাও জানান।
দিনাজপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস প্রতিষ্ঠার ঘোষণাও দেন ভাইস-চ্যান্সেলর। তিনি বলেন, আঞ্চলিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্প্রসারণ করা গেলে শিক্ষার্থীদের কাছে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ আরও সহজে পৌঁছানো সম্ভব হবে। জেলা পর্যায়ের প্রতিযোগিতায় যোগ্যতা প্রমাণ করে বিভাগীয় পর্যায়ে আসা শিক্ষার্থীদের মধ্য থেকে যারা ভালো করবে, তারা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে বলেও জানান তিনি।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, প্রতিভাবান খেলোয়াড়দের ধরে রাখতে ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রতিটি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ এবং উপজেলায় স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম রাউন্ড শেষ হয়েছে।
তরুণদের দক্ষতা বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সাত মাসে তরুণ-তরুণীদের জন্য দুটি প্রশিক্ষণ সেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিন মাসের প্রশিক্ষণ নিয়ে অংশগ্রহণকারীরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হচ্ছেন। কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুগঠিত করতে খেলাধুলার বিকল্প নেই বলেও মন্তব্য করেন আমিনুল হক।
বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ইভেন্টে প্রথম হয়ে স্বর্ণপদক পাওয়া শিক্ষার্থীরা পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ের চূড়ান্ত ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসাসহ জাতীয় বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










-6731a8-256x144.webp)
-436923-256x144.webp)
-27f480-256x144.webp)
-938bec-256x144.webp)



