আর্থিক শৃঙ্খলার জন্য গভর্নর পদ সাংবিধানিক করা উচিত: ফরাসউদ্দিন

দেশের আর্থিক খাতে শৃঙ্খলার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদকে সাংবিধানিক পদ হিসেবে অন্তর্ভুক্ত করার পক্ষে অভিমত দিয়েছেন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। একই সঙ্গে সব সাংবিধানিক পদের নিয়োগ রাস্ট্রপতির হাতে দেওয়ার পক্ষে মত দেন তিনি।
রোববার (১২ জুলাই) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মঞ্জুর এলাহী মিলনায়তনে অনুষ্ঠিত ‘অষ্টম নেহরীন খান স্মৃতি বক্তৃতা’য় মূল বক্তা হিসেবে দেওয়া বক্তব্যে এ কথা বলেন ড. ফরাসউদ্দিন। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি।
‘সাংবিধানিক সংস্কার ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা: বাংলাদেশ প্রেক্ষিত’ শিরোনামে দেওয়া বক্তৃতায় অধ্যাপক ফরাসউদ্দিন সুষমভাবে দেশের অগ্রগতি তরান্বিত করার লক্ষ্যে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন।
সাবেক এই গভর্নর বলেন, সরকারের স্থিতিশীলতার জন্য সাধারণ নির্বাচনের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নয়, বরং উচ্চ কক্ষে বরাদ্দ দেওয়া যেতে পারে। সংসদ সদস্যদের সংবিধান সংশোধন, সরকারের প্রতি অনাস্থা ও অর্থ বিল ছাড়া বাকি ক্ষেত্রে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ দেওয়া উচিত।

একই সঙ্গে আইনপ্রণেতা সংসদ সদস্যদের স্থানীয় প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত না হওয়ার পরামর্শ দেন অধ্যাপক ফরাসউদ্দিন। প্রশাসন সংস্কারের জন্য একটি দক্ষ উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিশন গঠনের সুপারিশ করেন তিনি। রাজধানীর আশপাশের শহরতলীকে উন্নত করার মাধ্যমে দিল্লির মতো একটি মহানগর কর্তৃপক্ষ গড়ে তোলা প্রয়োজন বলেও বক্তৃতায় উল্লেখ করেন।
ড. ফরাসউদ্দিন বলেন, অটোমেশনের ম্যাধমে কর-রাজস্ব আহরণ পদ্ধতি, প্রশাসনে নিরপেক্ষভাবে পদায়ন এবং ন্যায়নিষ্ঠভাবে দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পারলে স্বাধীনতার আকাঙ্ক্ষা অনুযায়ী সমতা, মর্যাদা ও সামাজিক ন্যায়নিষ্ঠতাভিত্তিক দেশ গঠন সম্ভব হবে। এসব অগ্রগতি অর্জন করতে পারলে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ফকরুল আলম, জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হাসান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ এয়ার কমডোর (অব.) ইশফাক ইলাহী চৌধুরীসহ অন্যরা।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রয়াত ড. আকবর আলী খানের মেয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী প্রয়াত নেহরীন খানের স্মরণে প্রতি বছর এই বক্তৃতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও প্রয়াত নেহরীন খানের স্বজনরা উপস্থিত ছিলেন।














-e8d740-256x144.webp)
-c173ff-256x144.webp)
-f7dee2-256x144.webp)

