ঢাবিতে গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনা, আহত কয়েকজন শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গাড়ি চালানো শিখতে গিয়ে ‘ব্রেকের বদলে এক্সিলারেটরে চাপ’ দেওয়ায় দুর্ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে।
গাড়িটি চালাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদমান সাকিব। দুর্ঘটনার পর তাকে আটক করে প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, তিনি গাড়ি চালানো শিখছিলেন। ব্রেক চাপতে গিয়ে ভুল করে একসিলারেটরে চাপ দিয়ে ফেলায় দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কয়েকজন শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন। অন্য কয়েকজন ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ফটকের সামনে। এ সময় দ্রুতগতিতে আসা গাড়িটি প্রথমে একজন শিক্ষার্থীকে ধাক্কা দেয়। এরপর চালক নিয়ন্ত্রণ হারালে ফটকের সামনে দাঁড়িয়ে থাকা আরও কয়েকজন শিক্ষার্থী গাড়িটির আঘাতে আহত হন।
এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা গাড়িতে থাকা দুজনকে মারধর করেন। তারা গাড়িটিও ভাঙচুর করেন। পরে চালক সাদমান সাকিবকে প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তিনি নিজেকে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মো. শহিদুল ইসলামের ছেলে বলে পরিচয় দিয়েছেন।
এদিকে ঘটনার পর মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা প্রক্টর কার্যালয়ে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করার দাবি জানান। তাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রক্টর ও সহকারী প্রক্টররা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শাহবাগ থানায় মামলা করা হবে।











-af5c8f-256x144.webp)





