টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ প্রস্তুতকারক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং পরিস্থিতি সামাল দিতে আশপাশের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০ টার দিকে নগরীর টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল নামে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটে যাওয়া এই দুর্ঘটনায় কারখানাটির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ওষুধ কারখানায় আগুন লাগার ঘটনায় আশপাশের এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম বেলা সাড়ে ১১টার দিকে যুগান্তরকে বলেন, ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আশা করছি দ্রুত নিয়ন্ত্রণে আসবে।

















