কারিগরি বোর্ডে পাসের হার কমেছে, বেড়েছে জিপিএ-৫

কারিগরি শিক্ষা বোর্ডে এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমে দাঁড়িয়েছে ৪৯.৪৩ শতাংশে, যা গত বছর ছিল ৬২.৬৭ শতাংশ। তবে পাসের হার কমলেও ব্যতিক্রমী চিত্র দেখা গেছে জিপিএ-৫ এর ক্ষেত্রে; এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৭৬ জন বেড়ে মোট ১ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
পরে দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।
এবার সার্বিকভাবে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। মোট উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
অন্যদিকে, গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। ফলে এবার সামগ্রিকভাবে পাশের হার ও সর্বোচ্চ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা—দুটিই কমেছে।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন।
সারা দেশে ২ হাজার ৭৬০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। লিখিত ও ব্যবহারিক পরীক্ষা মিলিয়ে মূল পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে ৯ সেপ্টেম্বর শেষ হয়।














