৯ম পে-স্কেল: ইন্টারকন্টিনেন্টালের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যাত্রা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের ওপর ভিত্তি করে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে এবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে যাত্রা করেছেন সরকারি কর্মচারীরা। শহিদ মিনারের সমাবেশ থেকে তারা মিছিল নিয়ে রওয়ানা দিয়েছিলেন। শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ। সে ব্যারিকেড ভেঙেই তারা যমুনায় পথে যাত্রা করেছেন।

আন্দোলনকারীদের দাবি, আজ শুক্রবারের (৬ ফেব্রুয়ারি) মধ্যেই নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। এই গেজেট না নিয়ে তারা ঘরে ফিরবেন না।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভাঙেন নতুন পে-স্কেলের দাবিতে বিক্ষোভরত সরকারি কর্মচারীরা।

এর আগে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে শুক্রবার সকাল ১০টার দিকে থালা-বাটি হাতে ভুখা মিছিল শুরু করেন বিক্ষোভকারীরা। মিছিলটি শাহবাগ এলাকায় পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে তারা যমুনার দিকে এগিয়ে যেতে থাকেন।

পরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সাময়িক অবস্থান নেন আন্দোলনকারীরা। সেখানে পুলিশ ব্যারিকেড দিলে তারা সেটিও ভেঙে সামনে এগিয়ে যেতে থাকেন।

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে দাবি আদায়ে এর আগে টানা তিন দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন সরকারি কর্মচারীরা। সবশেষ বৃহস্পতিবার তারা চার ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন। এ বছরের ১ জানুয়ারি থেকে নতুন পে-স্কেল কার্যকরের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন তারা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement