যুদ্ধে অর্থনীতিতে কিছুটা চাপ বাড়ছে, তবে উন্নয়ন থেমে নেই: ত্রাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে কিছুটা চাপ তৈরি হয়েছে এবং জ্বালানি সংকট দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তবে এই চ্যালেঞ্জের মধ্যেও সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
আজ শুক্রবার দুপুরে লালমনিরহাটের মোঘলহাট ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে আমরা প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। নির্বাচনের আঙুলের দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ড চালু, ইমামদের ভাতা প্রদান এবং কৃষি ঋণ মওকুফের মতো গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হয়েছে।
এ সময় তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান মন্ত্রিসভা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় লালমনিরহাট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক একেএম মমিনুল হক ও জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধানসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
















-436923-256x144.webp)
