নভেম্বরের শেষ দিক থেকে জেঁকে বসতে পারে শীত

চলতি মাসের শেষ দিক থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মাসে আরও এক দফা হালকা বৃষ্টির আভাস রয়েছে। একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। এতে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ঢাকায় শীতের অনুভূতি আরও বাড়বে।
আর ১ দিন পরেই বাংলা বছরের অগ্রহায়ণ মাস। শেষ হচ্ছে হেমন্ত। ঋতু চক্রের ধারাবাহিকতায় হেমন্তের রাতে চারদিকে জমতে শুরু করেছে শিশির, যা জানান দিচ্ছে নগরীতে শীতের আমেজ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে জানা গেছে, শিগগিরই ঢাকা বিভাগসহ অন্তত ৬টি বিভাগে হালকা বৃষ্টির পর তাপমাত্রা কমতে শুরু করবে। গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তেতুলিয়া জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলায় ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
নগরবাসীরা জানান, ভোরের দিকে শীত ভাব অনুভূত হচ্ছে। মধ্যরাতে বিরাজ করছে শুষ্ক আবহাওয়া। উত্তরের হিমেল বাতাস শীতের আবহ ছড়িয়ে দিচ্ছে নগরীতে।
এদিকে আসন্ন বৃষ্টির পরপরই বায়ুমণ্ডলের আর্দ্রতা কমে দ্রুত কমবে তাপমাত্রা, যার ফলে শহরে শীতের অনুভূতি আরও জোরালো হবে। ডিসেম্বর মাসের প্রথম থেকেই নগরীতে জেঁকে বসতে পারে শীত।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘শীত শুরু হবে নভেম্বরের শেষের দিক থেকে। রাতের ব্যাপ্তিকাল বড় হওয়ার কারণে শীতের অনুভূতি রয়েছে ভোর রাত থেকে সকাল পর্যন্ত।’
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে। ঢাকায় জানুয়ারি মাসে শীতের তীব্রতা বেশি থাকতে পারে এবার। পড়তে পারে দু’টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ।














