আজ শবে বরাত

আল্লাহর অনুগ্রহ লাভের সুযোগ গ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯: ২৯
আল্লাহর অনুগ্রহ লাভের সুযোগ গ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার

শবে বরাত উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি সব ভেদাভেদ ভুলে দেশ গড়ার প্রার্থনায় শামিল হয়ে আল্লাহর অসীম অনুগ্রহ লাভের সুযোগ গ্রহণের আহ্বান জানান।

এক বাণীতে তিনি এই মহিমান্বিত রজনীকে আল্লাহর রহমত লাভের সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করার কথা বলেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি সনের শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত শবে বরাত হিসেবে পালন করে থাকেন মুসলমানরা।

বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র শবে বরাত আমাদের জীবনে রহমত, মাগফেরাত ও আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ। হাদিসে বর্ণিত আছে, এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করেন। তাই এ রাতকে সৌভাগ্যময় রজনী হিসেবে বিশ্বাস করা হয়।

ড. ইউনূস বলেন, মহিমান্বিত এই রাতে আমরা ইবাদত-বন্দেগি, দান-সদকার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ করতে পারি। আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করা এবং গুনাহ থেকে পরিশুদ্ধ হওয়ার প্রচেষ্টার মাধ্যমে আমরা অর্জন করতে পারি আল্লাহ তায়ালার অসীম অনুগ্রহ, বরকত ও মাগফেরাত।

তিনি বলেন, আসুন, পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে আমরা দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করি এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করি। সব অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের অনুপম সৌন্দর্যে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনকে আলোকিত করি।

প্রধান উপদেষ্টা বলেন, সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা ও হেফাজত করুন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement