আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসি কারাগারে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ মে ২০২৬, ১৬: ৪৫
আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসি কারাগারে

আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রবিবার (১৭ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ে ৩০ জন আসামির মধ্যে ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। অধ্যাপক হাসিবুর রশীদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এর আগে, রোববার দুপুরে অধ্যাপক হাসিবুর রশীদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় গত ৯ এপ্রিল প্রধান আসামি হিসেবে হাসিবুর রশীদকে ১০ বছরের কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল-২। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। ওইদিন উপাচার্য হাসিবুর রশীদের পদত্যাগ দাবি করে তার বাসভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তায় ক্যাম্পাস ছাড়েন হাসিবুর রশীদ। ক্যাম্পাস ছাড়ার পর ৮ আগস্ট তিনি পদত্যাগ করেন।

রাজনীতি/একে

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement