৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে রমজান মাস, জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা

আগামী বছরের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। সে হিসাবে রমজান শুরু হতে আর প্রায় চার মাস বাকি। তবে রমজানের চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।
আল খালিজ পত্রিকার বরাতে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নতুন চাঁদের জ্যোতির্বৈজ্ঞানিক সংযোগ ঘটবে।
আল জারওয়ানের পূর্বাভাস অনুযায়ী, রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় খালি চোখে নতুন চাঁদ দেখা যেতে পারে। সে ক্ষেত্রে ১৪৪৮ হিজরির জমাদিউল আউয়াল মাস শুরু হতে পারে ১২ অক্টোবর, সোমবার। এই মাস শুরু হলে রমজানের আগে চন্দ্র মাসের হিসাবে বাকি থাকবে আর চার মাস।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের রমজান ২৯ অথবা ৩০ দিনের হতে পারে। সেই হিসাবে ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে ৯ মার্চ, মঙ্গলবার অথবা ১০ মার্চ, বুধবার।
আল জারওয়ান বলেন, ইসলামি চান্দ্র পঞ্জিকার অন্যতম বৈশিষ্ট্য হলো, বিশেষ যন্ত্রপাতি কিংবা জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ছাড়াও চাঁদের দৃশ্যমান পরিবর্তন পর্যবেক্ষণ করে মাসের অগ্রগতি বোঝা যায়। সরু বাঁকা চাঁদ থেকে অর্ধচন্দ্র ও পূর্ণিমা— ধাপে ধাপে চাঁদের আকৃতির পরিবর্তন লক্ষ করে চান্দ্র মাসের বিভিন্ন পর্যায় শনাক্ত করা সম্ভব। পরে চাঁদের আলোকিত অংশ কমতে কমতে একসময় তা অদৃশ্য হয়ে যায়। ইসলামি পঞ্জিকা মূলত এই চন্দ্রচক্রের ওপর ভিত্তি করেই নির্ধারিত হয়।
তবে নতুন চাঁদ দেখা নিয়ে ভিন্ন পূর্বাভাস দিয়েছে শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাব। প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, ১১ অক্টোবর রোববার সূর্যাস্তের পর নতুন চাঁদ খালি চোখে কিংবা প্রচলিত দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যাবে না। তবে উন্নত জ্যোতির্বৈজ্ঞানিক আলোকচিত্র প্রযুক্তি ব্যবহার করে সূর্যাস্তের আগেই চাঁদটি শনাক্ত করা সম্ভব হতে পারে।
কেন্দ্রটির পূর্বাভাস অনুযায়ী, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ওপর নির্ভরশীল দেশগুলোতে ১২ অক্টোবর, সোমবার থেকে জমাদিউল আউয়াল মাস শুরু হতে পারে। অন্যদিকে, যেসব দেশে সূর্যাস্তের পর খালি চোখে অথবা অপটিক্যাল টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা বাধ্যতামূলক, সেসব দেশে মাসটি শুরু হতে পারে ১৩ অক্টোবর, মঙ্গলবার।
শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাব জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় ১০ অক্টোবর, শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চাঁদের কেন্দ্রীয় সংযোগ বা জ্যোতির্বৈজ্ঞানিক অমাবস্যা ঘটবে। শারজাহর অবস্থান বিবেচনায় হিসাব করা টপোসেন্ট্রিক সংযোগ ঘটবে একই দিন রাত ৮টা ৪৭ মিনিটে।

















