নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ২২ সাংবাদিক

গণমাধ্যমে প্রকাশিত সেরা প্রতিবেদনের স্বীকৃতি হিসেবে নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন ২২ সাংবাদিক। সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন মাধ্যমে ২২টি বিভাগে নির্বাচিত সাংবাদিকদের প্রত্যেককে ক্রেস্ট, সনদ ও ৫০ হাজার টাকা করে অর্থ পুরস্কার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এ পুরস্কার বিতরণ করা হয়। আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিজয়ীদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন তিনি।
অনুষ্ঠানে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার এ চৌধুরী ও বাংলাদেশ ব্যাংক থেকে নগদে নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ। স্বাগত বক্তব্য দেন অ্যাওয়ার্ড উপকমিটির সমন্বয়ক ও ডিআরইউর সাংগঠনিক সম্পাদক এম এম জসিম।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড সাংবাদিকতায় নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে দেওয়া এই স্বীকৃতি সাংবাদিকতার গুণগত পরিবর্তন ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, বর্তমান সময়ে নীতি-নৈতিকতার অবক্ষয় ও নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হওয়ার সংকট শুধু সাংবাদিকদের মধ্যে সীমাবদ্ধ নয়; রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মধ্যেও কমবেশি রয়েছে। তবে অনেক সাংবাদিক সমাজে সৎ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। সত্য তুলে ধরা, জনগণকে সঠিক তথ্য জানানো এবং রাষ্ট্র ও সমাজের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে পথনির্দেশনা দেওয়াই সাংবাদিকদের দায়িত্ব।
অর্থমন্ত্রী আরও বলেন, অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি নাগরিক সাংবাদিকতা ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারে গণমাধ্যমের পরিসর অনেক বেড়েছে। এতে সাংবাদিকতার ক্ষেত্র আরও জটিল হয়ে উঠেছে। এই বাস্তবতায় মানুষের কাছে সঠিক তথ্য বিশ্বাসযোগ্যতার সঙ্গে পৌঁছে দেওয়া আগের চেয়ে কঠিন। তাই সাংবাদিকতাকে আরও নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য করে তোলা সময়ের দাবি।
তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে রাজনীতিবিদ ও সাংবাদিকদের বস্তুনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করতে হবে। এ ধরনের উদ্যোগ সাংবাদিকতায় ইতিবাচক ও গুণগত পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের অভিনন্দন জানান মন্ত্রী।
জাতীয় বাজেটে ঢাকা রিপোর্টার্স ইউনিটির জন্য বিশেষ বরাদ্দের প্রস্তাব দেওয়া হলে তা বিবেচনার প্রতিশ্রুতি দেন অর্থমন্ত্রী। অন্যদিকে, ভবিষ্যতেও ডিআরইউর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড আয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে নগদ।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও অনুসন্ধানী সাংবাদিকতা গণতন্ত্র ও সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা রিপোর্টার্স ইউনিটি সবসময় দায়িত্বশীল ও মানসম্মত সাংবাদিকতাকে উৎসাহিত করে আসছে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং ভালো কাজের স্বীকৃতি দিতেই প্রতিবছর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়। এই উদ্যোগ সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সাহসী ভূমিকা পালনে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সাংবাদিকরা প্রতিনিয়ত ঝুঁকি ও নানা প্রতিকূলতার মধ্যে দায়িত্ব পালন করেন। তাদের পেশাগত উৎকর্ষের পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক কল্যাণ নিশ্চিত করাও ডিআরইউর অন্যতম অঙ্গীকার। এ লক্ষ্যেই সংগঠনটি বছরজুড়ে সদস্যদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। এসব উদ্যোগ আরও বিস্তৃত ও সফল করতে তিনি অর্থ মন্ত্রণালয়ের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন। গত কয়েক বছর নগদ-ডিআরইউর অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করায় প্রতিষ্ঠানটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা
প্রিন্ট ও অনলাইন বিভাগে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন— মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিভাগে ফয়সাল খান (দেশ রূপান্তর); শিক্ষা বিভাগে দিলীপ কুমার শর্মা (রাহুল শর্মা) (আজকের পত্রিকা); স্বাস্থ্য বিভাগে সাজিদা ইসলাম পারুল (বাংলানিউজ২৪.কম); বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে মুহাম্মদ শাহেদ সিদ্দিকী (যুগান্তর); আর্থিক খাত (ব্যাংক, বীমা ও পুঁজিবাজার) বিভাগে সাখাওয়াত হোসেন সুমন (ডেইলি সান); অপরাধ ও আইনশৃঙ্খলা বিভাগে মো. তৌহিদুজ্জামান তন্ময় (জাগোনিউজ২৪ডটকম); আর্থিক অন্তর্ভুক্তি এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগে মিজান চৌধুরী (আগামীর সময়); রাজনীতি, প্রশাসন, বিচার ও নির্বাচন কমিশন বিভাগে দীপন নন্দী (ডেইলি স্টার); ক্রীড়া বিভাগে মো. জোবায়ের হোসেন (আরাফাত জোবায়ের) (ঢাকা পোস্ট); কৃষি ও পরিবেশ বিভাগে ওয়াসিম বিন হাবিব (ডেইলি স্টার); নারী, শিশু ও মানবাধিকার বিভাগে নাজনীন আখতার (প্রথম আলো); সুশাসন ও দুর্নীতি (অনুসন্ধানী) বিভাগে এফ এম আবদুর রহমান মাসুম (ঢাকা পোস্ট ডটকম); নগরীর সমস্যা ও সম্ভাবনা বিভাগে মোহাম্মদ হেলিমুল আলম (ডেইলি স্টার); বৈদেশিক সম্পর্ক (কূটনীতি ও জনশক্তি) বিভাগে গোলাম মওলা (বাংলা ট্রিবিউন) এবং সামগ্রিক অর্থনীতি বিভাগে শাহ আলম খান (আজকের পত্রিকা)।
টেলিভিশন ও রেডিও বিভাগে সাতটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন— রাজনীতি, প্রশাসন, বিচার ও নির্বাচন কমিশন বিভাগে মুফতী পারভেজ নাদির রেজা (পারভেজ রেজা) (চ্যানেল ওয়ান); বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে কেফায়েত উল্লাহ চৌধুরী (শাকিল) (বাংলাভিশন); নারী, শিশু, মানবাধিকার ও সুশাসন বিভাগে মো. গিয়াস উদ্দিন সজিব (চ্যানেল ২৪); কৃষি ও পরিবেশ বিভাগে নয়ন আদিত্য (চ্যানেল ওয়ান); আর্থিক খাত ও সামগ্রিক অর্থনীতি বিভাগে রিমন রহমান (যমুনা টেলিভিশন); অপরাধ ও আইনশৃঙ্খলা বিভাগে আলমগীর হোসেন (যমুনা টিভি) এবং অনুসন্ধানীমূলক তথ্যচিত্র/অনুষ্ঠান বিভাগে রাশেদ নিজাম (যমুনা টিভি)।
এবারের পুরস্কারের জন্য ১০ সদস্যের জুরি বোর্ড গঠন করা হয়। বোর্ডের চেয়ারম্যান ছিলেন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ। সদস্যরা হলেন— ইউএনবির সাবেক সম্পাদক ও তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান, রয়টার্সের সাবেক ব্যুরো চিফ সিরাজুল ইসলাম কাদির, গ্রিন ওয়াচের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, আমাদের বার্তার কনসালটিং এডিটর মনোয়ার হোসেন, দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক এ এইচ এম জাহেদ চৌধুরী, এনটিভির চিফ নিউজ এডিটর ফখরুল আলম খান কাঞ্চন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ডেইলি টাইমস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক ইলিয়াস খান এবং ডিআরইউর সাবেক সভাপতি ও আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন।
অনুষ্ঠানে ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও রফিকুল ইসলাম আজাদ এবং সাবেক সাধারণ সম্পাদক মোতাহের হোসেন মাসুম ও কবির আহমেদ খান উপস্থিত ছিলেন। এ ছাড়া সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।

















