১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বসানোর নির্দেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মোটরসাইকেলের ট্রাফিক ব্যবস্থাপনা ও সড়ক নজরদারি জোরদার করতে এখন থেকে পেছনের পাশাপাশি সামনের দিকেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আগামী ১৫ নভেম্বরের মধ্যে বাইক মালিকদের নিজ উদ্যোগে নির্দিষ্ট মাপের সাদা রঙের স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের এই ম্যানুয়াল নম্বরপ্লেটটি স্থাপন করতে হবে।

শুক্রবার এক জরুরি গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডিযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট থাকার নিয়ম আছে। তবে ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি আরও জোরদার করতে সামনেও নিবন্ধন নম্বর দেখানোর সিদ্ধান্ত হয়েছে। শুরুতে মালিকদেরই নির্ধারিত শর্ত মেনে ম্যানুয়াল প্লেট বসাতে হবে। সামনের নম্বরপ্লেট হতে হবে স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের। প্লেটের পটভূমি হবে সাদা। তার ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। প্লেটে কোনো নকশা বা বাড়তি সাজসজ্জা করা যাবে না।

স্কুটার ও অন্য মোটরসাইকেলের জন্য প্লেটের মাপ আলাদা করা হয়েছে। স্কুটারের প্লেট হবে ২০০ মিলিমিটার লম্বা ও ১০০ মিলিমিটার চওড়া। স্কুটার ছাড়া অন্য সাধারণ মোটরসাইকেলের প্লেট হবে ২৮৫ মিলিমিটার লম্বা ও ৫০ মিলিমিটার চওড়া। দুই ক্ষেত্রেই নম্বরের হরফের উচ্চতা অন্তত ২০ মিলিমিটার হতে হবে। বিআরটিএ মোটরসাইকেল মালিকদের নির্ধারিত সময়ের মধ্যে এসব নিয়ম মেনে সামনের নম্বরপ্লেট বসাতে আহ্বান জানিয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement