দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে সারাদেশে ১ হাজার ১৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২৪২ জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ২১৯ জন, খুলনা বিভাগে ১৪০ জন, বরিশাল বিভাগে ১২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১২৫ জন, রাজশাহী বিভাগে ৯৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯২ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৬৬ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৮ হাজার ৪ ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২ হাজার ২১০ জন। কেবল গত ২৪ ঘণ্টাতেই ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৭৯ জন।
গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে দেশে সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৫ জনে।
উল্লেখ্য, বিগত ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এবং মশাবাহিত এই রোগে মারা যান ৪১৩ জন।














-dc8cd9-256x144.webp)


-2ea5b2-256x144.webp)
