রিয়াদ বিমানবন্দরে হামলায় তীব্র নিন্দা বাংলাদেশের, হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের বিদ্রোহী ও সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বেসামরিক জীবন বিপন্ন করে এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলাকে অগ্রহণযোগ্য উল্লেখ এবং এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করা উচিত বলে বাংলাদেশের পক্ষে দৃঢ় অবস্থান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ হামলায় অন্তত দুজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দূতাবাসের সহায়তায় তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। আহতদের তথ্য নিশ্চিত করে তাদের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতেও কাজ করছে মন্ত্রণালয়।
রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের পক্ষে এ নিন্দা জানায়। এর আগে শনিবার (১০ অক্টোবর) হুতি বিদ্রোহীরা ওই হামলা চালায়। সৌদি আরবের বিভিন্ন সংবাদপত্রসহ আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, ওই হামায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ৩০৯ জন।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলেছে, ওই হামলায় দুজন বাংলাদেশি নাগরিকের মৃত্যুসহ অনেকের মৃত্যু হয়েছে। অসংখ্য আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। হতাহত বাংলাদেশিদের বিবরণ পেতে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার সুবিধার্থে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।
নিহত বাংলাদেশিদের পরিবারসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আহতদের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্যও কামনা করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই হামলার মুখে সৌদি আরব সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশ অবিলম্বে যুদ্ধ বন্ধ, বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামো রক্ষা এবং সংলাপ ও কূটনৈতিকতার মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানায়।
ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত দীর্ঘদিনের। হুতিরা যে ইয়েমেন থেকে উদ্ভূত, সেখানকার সরকার আবার সৌদি আরব-সমর্থিত। গত ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর থেকেই হুতিরা ইরানকে সমর্থন জানিয়ে আসছে। শেষ কয়েক মাসে তারা সরাসরি ইরানের পক্ষে যুদ্ধে নেমেছে ইয়েমের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব-এল মান্দেব প্রণালি ঘিরে। ওই প্রণালি ও আশপাশের উপকূলসহ সৌদি আরবের পাহাড়ি কিছু এলাকাও তারা দখলে নিয়েছে গত মাসখানেক সময়ের মধ্যে।
হুতিদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি শনিবার রিয়াদের বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছেন। তিনি বলেছেন, ইয়েমেনে সৌদি হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। সৌদি হামলায় বেসামরিক অবকাঠামোও লক্ষ্যবস্তু হয়েছে বলেছেন তিনি।
চলতি সপ্তাহে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে এটি তৃতীয় হামলা। এ হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সব ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বিমান বাংলাদেশের সৌদিগামী দুটি ফ্লাইটও স্থগিত করা হয়েছে।

















