রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ: বিমানের ২ ফ্লাইট স্থগিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ২৩: ৫৭
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফাইল ছবি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফাইল ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনার পর ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের দুটি ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি। বিস্ফোরণে একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিমানের বাংলাদেশ এয়ারলাইনসের বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ বিমানবন্দর থেকে সব ফ্লাইট চলাচল স্থগিত থাকায় সংস্থাটির নির্ধারিত বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে না। স্থগিত ফ্লাইটের যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ফ্লাইট পুনর্নির্ধারণ ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য রোববার জানানো হবে। যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন অথবা নিকটতম বিক্রয় কার্যালয়ে যেতে পারবেন। পরিস্থিতির হালনাগাদ তথ্য সংস্থাটির ওয়েবসাইট ও অন্যান্য যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।

বিমানবন্দর থেকে সরিয়ে নেওয়া হয় যাত্রীদের

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর রিয়াদ বিমানবন্দরের বিভিন্ন অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। এক প্রত্যক্ষদর্শী বিমানবন্দরের ভেতরে বিস্ফোরণ এবং এর আঘাতে কয়েকজনকে মাটিতে পড়ে থাকতে দেখেছেন বলে জানিয়েছেন। পরে ঘটনাস্থলে এক ডজনের বেশি অ্যাম্বুলেন্স পৌঁছায়।

ঘটনার বিষয়ে মন্তব্য জানতে সৌদি আরবের তথ্য মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে অথবা অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে যাত্রার আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে।

অন্যান্য এয়ারলাইনসের ফ্লাইটও বাতিল

রিয়াদ বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতির কারণে কুয়েত বিমানবন্দর কর্তৃপক্ষ সৌদি আরবের রাজধানীগামী ও সেখান থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট বাতিলের কথা জানিয়েছে। এর আগে ইতিহাদ এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজও রিয়াদগামী ফ্লাইট বাতিল করে। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সোমবারের নির্ধারিত কয়েকটি ফ্লাইটও রয়েছে।

সৌদি আরব ও ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনার মধ্যেই রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণের খবর এলো। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরটি দুইবার হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় চারজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। একটি উড়োজাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

হুতিরা এর আগে বৃহস্পতিবার এবং তারও আগে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছিল। সৌদি আরবের আকাশপথকে সামরিক এলাকা ঘোষণা করে এ পথ এড়িয়ে চলতে এয়ারলাইনসগুলোর প্রতিও আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement