আরও শক্তি সঞ্চয় করল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় থাকা প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও শক্তি সঞ্চয় করে ‘অতি প্রবল’ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এটি আরও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে গিয়ে আগামী ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে প্রকাশিত আবহাওয়া দপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর ৩টার দিকে ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৯৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, এবং মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার দক্ষিণে।
বর্তমানে অতি প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৮ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের আশপাশে সাগর অত্যন্ত উত্তাল রয়েছে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকুলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।














