বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক আজ, নেতৃত্বে তারেক রহমান-সানায়ে তাকাইচি

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপানে সরকারি সফরের দ্বিতীয় দিনে হতে যাচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক। তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি নিজ নিজ দেশের পক্ষে এ বৈঠকে নেতৃত্ব দেবেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা ও আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের অবস্থান নিয়ে আলোচনা হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টায় টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেইয়ে’ হবে এই শীর্ষ বৈঠক।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তাতে সদস্য হিসেবে রয়েছেন— অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী) ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
এ ছাড়া প্রধানমন্ত্রীর এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত-প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী ও আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমানও রয়েছেন প্রতিনিধি দলে।
দ্বিপাক্ষিক বৈঠকের পর জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সফরে টোকিও পৌঁছান। সেখানে তাকে অভ্যর্থনা জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা।
গত ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর বিদেশে এটি তারেক রহমানের রাষ্ট্রীয় তৃতীয় সফর। জাপান সফরের আগে তিনি রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন গিয়েছিলেন। এ ছাড়া জাতিসংঘের ৮১ তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত সেপ্টেম্বরে নিউইয়র্ক সফর করেন প্রধানমন্ত্রী।



-1e3bd0.jpg)











-6dbeb7-256x144.webp)
