সরকার অনুমতি দিলে ‘ক্রসফায়ার’ও করতে চান আইজিপি
-d09f4f-480x270.webp)
আইনশৃঙ্খলা রক্ষায় সরকার অনুমতি দিলে পুলিশ ‘ক্রসফায়ার’ও করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। আইন ও সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন হলে এবং সরকার অনুমোদন দিলে পুলিশ তা করবে।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারের ওয়াটার ওয়ার্কার্স রোডে শাহজাহান ইমাম টাওয়ারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি।
ক্ষমতাচ্যুত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে আলী হোসেন ফকির বলেন, “কে আসবে, আপা কবে আসবে— ওইটা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখার বিষয় না। আমাদের দায়িত্ব, আইন-সংবিধান অনুযায়ী যখন যেখানে যা প্রয়োগ করা দরকার, সেইটাই আমরা করব। যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালউ করে, আমরা সেইটা করব।”
পুলিশের সমালোচনা করা নিয়ে সাংবাদিকদের প্রতি ক্ষোভ প্রকাশ করে আইজিপি বলেন, “আমরা (পুলিশ) যদি লাঠিপেটা করি, বলবেন আমরা ফ্যাসিস্ট পুলিশ। আর আমরা যদি নীরবে থাকি, তাহলে বলবেন দুর্বল পুলিশ। আমাকে তো কাজ করার পরিবেশ দিতে হবে। এমপাওয়ার করতে হবে।”
আইজিপি আরও বলেন “আপনার সুখে, শান্তিতে বসবাস করতে হলে পুলিশের কোনো বিকল্প নাই। যত বাহিনীই বলি, সেনাবাহিনী বলি, তারা দেশ রক্ষা করবে, সার্বভৌমত্ব রক্ষা করবে, ইন্টারনাল শৃঙ্খলা, শান্তি, সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন— সবকিছুই আপনার-আমার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অর্জন করা সম্ভব। আপনারা পুলিশকেও ব্ল্যাকমেইল করার চেষ্টা কইরেন না, নিজেরাও ব্ল্যাকমেইল হইয়েন না।”
দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা শান্তি প্রতিষ্ঠা করি। সব দল-মতের ইলেকশন এজেন্ডা থাকে শান্তি। শেষে গিয়া দেখা যায়, শালিস মানি; কিন্তু তালগাছটা আমার, আমাকেই দিতে হবে। তাহলে সমাজব্যবস্থা সুখী-সমৃদ্ধময় হতে পারবে না।”
অনুষ্ঠানে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান আইজিপি আলী হোসেন ফকির। একই সঙ্গে পুলিশের সদস্যদের অসাধু কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি আরও বলেন, “কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানোও ঠিক নয়।”















