দফাদার-মহল্লাদাররা পেলেন নতুন নাম

গ্রাম পুলিশ বাহিনীর দফাদার ও মহল্লাদারদের পদবি পালটে দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দফাদাররা এখন থেকে পরিচিত হবেন ‘গ্রাম পুলিশ প্রধান’ ও মহল্লাদাররা পরিচিত হবেন ‘গ্রাম পুলিশ’ হিসেবে।
স্থানীয় সরকার বিভাগ সোমবার (২ নভেম্বর) স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলি সম্পর্কিত বিধিমালা সংশোধন করে এসব পদবিতে পরিবর্তনের প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৯৬, ধারা ৪৮ এর সহিত পঠিতব্য, এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলি সম্পর্কিত বিধিমালা, ২০১৫ এর অধিকতর সংশোধন করা হয়েছে।
বিধিমালার সব জায়গায় ‘দফাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ প্রধান’ শব্দগুলো এবং ‘মহল্লাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ’ শব্দগুলো প্রতিস্থাপিত হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।













