জমি দখল ঘিরে ‘সংঘর্ষ’, সালমান ‘ভিকটিমাইজড’: স্বরাষ্ট্রমন্ত্রী
-0c1a24-480x270.webp)
রাজধানীর মানিকদী নামাপাড়া এলাকায় প্রায় ৩৫ কাঠা জমির দখল নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় সালমান ‘ভিকটিমাইজড’ হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, প্রাথমিক তদন্তে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের তথ্য পাওয়া গেছে। ঘটনাটি নিয়ে মামলা ও জিডির আইনি প্রক্রিয়া চলছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রাথমিক তদন্তের পর আরও বিস্তারিত অনুসন্ধান প্রয়োজন। এ পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে শিগগিরই হতে পারে। সালমান ফেসবুক লাইভে বিভিন্ন অভিযোগ করলেও নিজে মামলা করেননি বলে উল্লেখ করেন তিনি।
সালমানের অভিযোগের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এটা তাঁর বাক্স্বাধীনতা।’ তবে চাঁদাবাজি ও বিএনপিকে নিয়ে তার বক্তব্যের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘আমি ভিডিওটি দেখেছি। তিনি একপর্যায়ে বলেছেন, তাঁর কাছ থেকে কেউ চাঁদা চাননি। চাইলে নাকি দিতেন এ রকম আমি শুনেছি। যাঁর কাছে চাঁদা দাবি করা হয়নি, তিনি বলছেন চাইলে দিতেন। তাহলে এটা চিহ্নিত কেউ না। এরপর তিনি বলছেন, বিএনপি চাঁদাবাজ দল। এটি ঢালাও অভিযোগ।’
জমি বিরোধের বিষয়ে মন্ত্রী বলেন, ক্যান্টনমেন্ট থানার আওতাধীন মানিকদী নামাপাড়া এলাকায় প্রায় ৩৫ কাঠা জমি নিয়ে দুই পক্ষের বিরোধ রয়েছে। প্রাথমিক প্রতিবেদনে এক পক্ষের সঙ্গে ‘নিউ গিনি প্রপার্টিজ’ নামের একটি বিল্ডার্স প্রতিষ্ঠান এবং অপর পক্ষের সঙ্গে একজন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, ‘আমাদের প্রাথমিক রিপোর্ট অনুসারে, যিনি একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ছিলেন, তার পক্ষে বেশ কিছু লোক রাতের অন্ধকারে ওই জায়গা দখল করতে গিয়েছিল। সেখানে গিয়ে তাঁরা ওই প্রাঙ্গণে অনেক ভাঙচুর করেছে। এর মধ্যে আপনারা যাঁর কথা বললেন, সালমান মুক্তাদিরের একটি স্থাপনা ছিল। সেখানে সম্ভবত বিভিন্ন কনটেন্ট তৈরির কাজ হতো। যতটুকু জেনেছি, সেখানেও বেশ কিছু ভাঙচুর হয়েছে। আমি এটা ভিডিওতে দেখেছি।’
তিনি আরও জানান, জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত, গুলির খোসা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
তদন্ত চলমান থাকায় এখনই বিস্তারিত জানানো হচ্ছে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টি যেহেতু তদন্তাধীন এবং মামলা হবে বলে জেনেছি, তখন এ বিষয়ে অগ্রগতি পরে জানানো যাবে।’














