জাতীয় গ্রিড নয়, প্রধানমন্ত্রীর বাসা পুরোটাই চলছে সৌরবিদ্যুতে: বিদ্যুৎমন্ত্রী

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসার বিদ্যুতের পুরো চাহিদাই সৌরবিদ্যুতের মাধ্যমে পূরণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তার বাসাটি আর জাতীয় গ্রিডের বিদ্যুতে চলছে না বলে জানান তিনি।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে জবাব দিতে গিয়ে মন্ত্রী এ তথ্য জানান। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তার বিষয়টি উত্থাপন করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসায় সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্থাপন করা হয়েছে জানিয়ে বিদ্যুৎমন্ত্রী বলেন, আপনারা জানেন, আমাদের প্রধানমন্ত্রী এখন কিন্তু গ্রিডে (বিদ্যুতের জাতীয় গ্রিড) নেই। উনার বাসা পুরোটাই চলে সোলার (সৌরবিদ্যুৎ) দিয়ে। উনি ব্যাটারি লাগিয়েছেন। সেই ব্যাটারি ব্যাকাপে ২৪ ঘণ্টা উনার বাসায় বিদ্যুৎ জ্বলে।
এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। বিদ্যুৎমন্ত্রী এ তথ্য জানানোর পর তিনি বলেন, মন্ত্রিসভার অন্য সদস্যরাও প্রধানমন্ত্রীর উদ্যোগ অনুসরণ করবেন বলে আশা করেন তিনি।
ইরান যুদ্ধসহ আন্তর্জাতিক অঙ্গনের অস্থিরতার মুখে বৈশ্বিক জ্বালানি সংকট পরিস্থিতিতে দেশে বিকল্প হিসেবে সৌরবিদ্যুতে জোর দিচ্ছে সরকার। বাসাবাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন করে চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করার সুযোগও করে দেওয়া হয়েছে। সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিতে শুল্ক প্রত্যাহারও করেছে সরকার।
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য সরকারের আহ্বান করা দরপত্রে আট হাজারের বেশি সেবাদাতা আবেদন করেছেন বলে জানান সংসদে। আরও বেশি সেবাদাতাকে সুযোগ দিতে আবেদনের সময় তিন মাস বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
ইকবাল হাসান মাহমুদ বলেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের ৩০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে আনার লক্ষ্য রয়েছে। এর অংশ হিসেবে প্রথম পাঁচ বছরে ২০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে উৎপাদনের জন্য ১০ হাজার মেগাওয়াটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য পূরণে সরকার নীতিমালা তৈরি করেছে। মন্ত্রিসভার বৈঠকের পর এ-সংক্রান্ত আইন সংসদে আনা হয়েছে বলে জানান তিনি।















