শ্রমিকদের বিক্ষোভে ‘রাজনৈতিক ইন্ধন’ দেখছেন শ্রমমন্ত্রী, কাজে ফেরার আহ্বান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন শ্রমমন্ত্রী আরিফুল হক। ছবি: সংগৃহীত
রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন শ্রমমন্ত্রী আরিফুল হক। ছবি: সংগৃহীত

বেতন বাড়ানোর দাবিতে পোশাক খাতের শ্রমিকদের আন্দোলনে রাজনৈতিক ইন্ধন দেখছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। নতুন ন্যূনতম মজুরি বোর্ডের ঘোষণা দিয়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বাম জানিয়েছেন তিনি।

শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকরা কী বললেন? বললেন যে এখনো (মজুরি বোর্ড) ঘোষণা হয় নাই। অথচ এটা আপনাদের মাধ্যমে তাদের নেতাসহ ঘোষণা দেওয়া হয়েছে যে আমরা রোববারই ঘোষণা দেবো। এটা তো আমার মনে হয় খুবই স্পষ্ট (ভেরি মাচ ক্লিয়ার) যে কয়েকটি রাজনৈতিক সংগঠন কাজগুলো করছে যেন অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়।

রোববার (১ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ন্যূনতম মজুরি বোর্ড ও পোশাক শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য আলাদা বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রমমন্ত্রী।

মন্ত্রী যখন সচিবালয়ে সংবাদ সম্মেলন করছিলেন, ওই সময় মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন শ্রমিকরা। কয়েক ঘণ্টার জন্য মেট্রোরেল চলাচল বন্ধও হয়ে যায়।

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন আগে থেকেই রাজপথে নেমেছেন শ্রমিকরা। এর ধারাবাহিকতায় রোববার সকাল থেকে মিরপুরে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়।

শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ও অধিকারের বিষয়টি সরকার ‘সর্বোচ্চ গুরুত্ব দিয়ে’ বিবেচনা করছে উল্লেখ করে শ্রমমন্ত্রী বলেন, তাদের দাবি ছিল মজুরি বোর্ড, আজ তাদের মজুরি বোর্ড গঠন করা হলো। তাদের দেওয়া প্রতিনিধিত্বকারী সদস্যকে নিয়ে তো বোর্ড গঠন করা হলো। এখন তারা আশা করি রাস্তা ছেড়ে তাদের কলকাখানায় যোগদান করবে।

সরকারঘোষিত ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডের সদস্য হয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন শ্রমিকপক্ষের প্রতিনিধি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে বোর্ডের নিরপেক্ষ সদস্য করা হয়েছে।

এ ছাড়া পোশাক শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের আলাদা মজুরি বোর্ড গঠন করেছে সরকার।

শ্রম আইন অনুযায়ী ন্যূনতম মজুরি বোর্ডের চারজনের সঙ্গে তৈরি পোশাক খাতের মালিক ও শ্রমিক পক্ষের একজন করে প্রতিনিধিকে যুক্ত করে ছয় সদস্যের এই বোর্ড গঠন করা হয়েছে।

মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডের সদস্য হয়েছেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম সামছুদ্দিন। আর বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার শ্রমিকপক্ষের প্রতিনিধিত্ব করবেন।

শ্রমমন্ত্রী বলেন, যারা মজুরি বোর্ডে সদস্য হয়েছেন, তাদের প্রতি আহ্বান থাকবে, দ্রুততম সময়ের মধ্যে তারা বসবেন। শ্রমিক প্রতিনিধি আছেন, মালিক প্রতিনিধি আছেন, আপনারাই তো আলোচনা করবেন। এখন তাদের ওপর সবকিছু নির্ভর করছে।

মজুরি বোর্ড গঠনের উদ্যোগের ঘোষণার পরও আন্দোলনের ঘটনায় ‘রাজনৈতিক ইন্ধন’ দেখছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, আমি বলেছিলাম, শ্রমিক ভাইয়েরা, তোমরা কল কারখানায় থাকো, আমরা রোববার মজুরি বোর্ড গঠন করব। কিন্তু আজকে কী হলো? ওই সংশ্লিষ্ট কয়েকটা মিলে অহেতুক ছুটি ঘোষণা করে দেওয়া হলো।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad