দেশকে এগিয়ে নিতে যুবসমাজের বিকল্প নেই: রাষ্ট্রপতি

দেশকে এগিয়ে নিতে যুবসমাজের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র আয়োজিত জাতীয় যুব দিবস ২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, যুবসমাজ দেশের প্রধান চালিকাশক্তি। তাদেরকে কর্মমুখী করতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজের হাতে চালিকা শক্তি দিতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজের বিকল্প নেই। যুবসমাজকে কিভাবে কাজে লাগানো যায়, সেটাই সরকারের বড় চ্যালেঞ্জ।
সব কিছু নিয়ে রাজনীতি না করে কাজ করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, রাস্তায় নয়, পার্লামেন্ট কেন্দ্রিক রাজনীতি হতে হবে। আন্দোলন করে ফ্যাসিস্ট শক্তিকে সরিয়ে দেয়া হয়েছে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হয়েছে। এটাকে কাজে লাগাতে হবে।
শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে উপযোগী শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে মির্জা ফখরুল বলেন, শিক্ষিত দক্ষ জনশক্তি বাইরে পাঠাতে পারলে বাইরের বাজার ধরা সহজ হবে। এজন্য সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, সব ধরণের বৈষম্যের বিরুদ্ধে যুবসমাজকে রুখে দাঁড়াতে হবে। সমাজের খারাপ দিকগুলোকে আন্দোলনের মাধ্যমে রুখে দিতে হবে যুবসমাজকে।
রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ এখনো স্বল্পোন্নত দেশ। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার কথা। এ জন্য প্রস্তুতির সময় আরও তিন বছর বাড়ানো হয়েছে। অর্থাৎ, এই সময়ে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে হবে, যাতে উন্নয়নশীল দেশে উত্তরণের পর বাংলাদেশ প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।’
তিনি বলেন, ‘এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে দেশের যুবসমাজ। তারাই ভবিষ্যতের প্রধান চালিকাশক্তি এবং ভবিষ্যৎ নির্মাণের দায়িত্বও তাদের হাতেই।’
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে যুবসমাজকে কর্মমুখী করতে হবে। তাদের হাতে উৎপাদনের চালিকাশক্তি তুলে দিতে হবে। শুধু রাজনৈতিক বিপ্লব বা পরিবর্তনের মধ্য দিয়ে একটি দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, একই সঙ্গে দেশকে নির্মাণও করতে হয়।
এ সময় রাষ্ট্রপতি যুব উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদান ও কার্যক্রমের কথা বিশেষভাবে উল্লেখ করেন।
দেশ ও যুবসমাজের উন্নয়নে বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে রাষ্ট্রপতি বলেন, যুবকদের সামনে নিয়ে আসতে হবে। দেশ গঠনের প্রতিটি ক্ষেত্রে তাদের প্রধান ভূমিকা পালন করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজকে সবক্ষেত্রে সম্পৃক্ত করতে হবে। দেশের উন্নয়ন এবং যুবসমাজের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না।


-f8c04e.jpg)







-649d82.jpg)





