২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, শুক্র-শনিতে ৭

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। এ বছর মোট সরকারি ছুটি থাকবে ২২ দিন। এর মধ্যে সাধারণ ছুটি ১৫ দিন ও নির্বাহী আদেশে সরকারি ছুটি ১৪ দিন। তবে প্রস্তাবিত ২৯ দিনের ছুটির মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। ফলে কার্যত ছুটি পাওয়া যাবে ২২ দিন।
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৬তম বৈঠকে এ ছুটির তালিকা অনুমোদন করা হয়।
বৈঠক শেষে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। পরে সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি মন্ত্রিসভার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০২৭ সালে জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষ্যে ১৫ দিন সাধারণ ছুটির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটি। দুটি শুক্রবার ও দুটি শনিবার।
এ ছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষ্যে নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে তিন দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। একটি শুক্রবার ও দুটি শনিবার।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সব মিলিয়ে ২৯ দিনের প্রস্তাবিত ছুটির মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় কার্যকর ছুটি থাকবে ২২ দিন।
ধর্মীয় উৎসব পালনের জন্য সরকারি কর্মচারীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সরকারি কর্মচারীরা তাদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ উৎসব পালনের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি পাবেন।














