আরও ২২৩ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম

১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়ানো হয়েছে। এতে সিলিন্ডারটির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০ টাকা, যা আগে ছিল ১ হাজার ৮৩৭ টাকা।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এর আগে গত ২৯ অক্টোবর এলপিজি ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর বিষয়ে গণশুনানি করে বিইআরসি। ২০২১ সালের এপ্রিলে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয়ের প্রক্রিয়া চালুর পর ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর দাবিতে এটিই ছিল কমিশনের প্রথম গণশুনানি।
তবে এলপিজির দাম ও সংশ্লিষ্ট চার্জ না বাড়িয়ে নির্ধারিত মূল্যে সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছিল কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। একই সঙ্গে কৃত্রিম সংকট তৈরি, গোপনে মজুত এবং অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি।
২৮ অক্টোবর বিইআরসি চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে ক্যাব সভাপতি এএইচএম সফিকুজ্জামান বলেন, এলপিজির দাম ও চার্জ বাড়ানো হলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর আর্থিক চাপ আরও বাড়বে। আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বাড়লেও স্থানীয় পরিবহন, সংরক্ষণ ও বিতরণ ব্যয় একই হারে বাড়ে না। তাই আমদানি মূল্য বৃদ্ধির যুক্তিতে সব পর্যায়ে চার্জ ও কমিশন বাড়ানোর যৌক্তিকতা নেই বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।
এর আগে সেপ্টেম্বরে প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তবে সরবরাহ ঘাটতির অজুহাতে তখন অনেক গ্রাহককে সিলিন্ডার কিনতে হয়েছে আড়াই হাজার টাকায়। পরে ৪ অক্টোবর এক ধাপে ২৫২ টাকা বাড়িয়ে দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়। এরপরও খুচরা বাজারে সিলিন্ডারটির দাম ২ হাজার ২০০ টাকার ওপরে ছিল।













