হাজিরা দিতে আদালতে পরীমনি, দিলেন সাংবাদিকের সঙ্গে বিবাদের ব্যাখ্যা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মাদক মামলায় হাজিরা দিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে গিয়ে আগামী ২৩ ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানির তারিখ পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার হাজিরা শেষে গত ৫ নভেম্বর সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার ঘটনার ব্যাখ্যাও দেন তিনি। পরীমনির ভাষ্য, একজন সাংবাদিক তাকে স্পর্শ করায় তিনি ওই প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।

সাংবাদিকদের সঙ্গে ঘটনার বিষয়ে পরীমনি বলেন, ‘আমি যখন জিজ্ঞাসা করলাম তুমি (সাংবাদিক) কেন আমাকে টাচ করছ? তখন সে কার্ড শো করে বলল, আমি কিন্তু সাংবাদিক। তখন হিট মোমেন্টে বলেছি, সাংবাদিকগিরি কর আমার সঙ্গে। আমি তো ছয় বছর ধরে আদালতে যাতায়াত করছি, কেউ বলতে পারবেন কখনো কারোর দুর্ব্যবহার হয়েছে। কেউ পারবেনা।’ তিনি আরও বলেন, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লাগছে।’

আদালত সূত্রে জানা গেছে, এত দিন ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির বিচার চলছিল। গত ২৯ সেপ্টেম্বর অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করা হয়েছিল। তবে মাদকের নতুন আইনের কারণে গত ৯ নভেম্বর মামলাটি সিএমএম আদালতে বদলি করা হয়। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে হাজির হলে পরীমনিকে ২৩ ডিসেম্বর শুনানির তারিখের কথা জানানো হয়।

রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা এ মামলায় পরীমনির পাশাপাশি তার ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং খালু কবীর হোসেন হাওলাদারকেও আসামি করা হয়েছে। মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ৫ জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বাদী র‌্যাব-১-এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেওয়া শুরু করেন। তবে অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল দিয়ে তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরে মামলাটিতে পুনরায় অভিযোগ গঠনের আদেশ দেন উচ্চ আদালত।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad