সংবাদ প্রচারকে কেন্দ্র করে সাংবাদিক ইকবাল সোবহান হেফাজতে: ডিএমপি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে পুলিশ। একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার পর তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মুখপাত্র আকতার হোসেন জানান, এ বিষয়ে তথ্য পেয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) ডিবিসি কার্যালয়ে যায়। সেখান থেকে ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে ডিবি কার্যালয়ে তার সঙ্গে কথা বলা হচ্ছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে নিয়ে যায় পুলিশ। একই সময় ডিবিসির প্রধান অপরাধ প্রতিবেদক রাজীব ঘোষকেও নিয়ে যাওয়া হয়।
ইকবাল সোবহান চৌধুরী ডেইলি অবজারভারের সম্পাদক ও প্রকাশকের দায়িত্বেও রয়েছেন। তাকে হেফাজতে নেওয়ার বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, তাকে গ্রেপ্তার করা হয়নি, জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।
এদিকে এ ঘটনায় বিকেলে ডিবিসি কার্যালয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রতিষ্ঠানটির অ্যাসাইনমেন্ট এডিটর মুক্তাদীর অনিক। তিনি বলেন, ডিবিসি কার্যালয় থেকে বের হওয়ার সময় রাস্তা থেকে ইকবাল সোবহান চৌধুরীকে নিয়ে যায় ডিবি। কেন তাকে নেওয়া হয়েছে, সে বিষয়ে তারা নিশ্চিত নন।
মুক্তাদীর অনিক জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময়কার কোনো মামলার সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট হতে পারে বলে তাদের ধারণা। বিষয়টি জানতে ডিবিসির পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে।
রাজীব ঘোষকে নিয়ে যাওয়ার বিষয়ে মুক্তাদীর অনিক বলেন, তাকে জিজ্ঞাসাবাদের কথা বলা হয়নি। ডিবি কর্মকর্তারা শুধু তাদের সঙ্গে যেতে ও চা খেতে বলেছেন।
ডিবিসির পক্ষ থেকে বলা হয়েছে, রাজীব ঘোষ সংবাদমাধ্যমটির অপরাধবিষয়ক প্রধান প্রতিবেদক হওয়ায় পুলিশের কর্মকর্তাদের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। সেই সূত্রে কথা বলার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।








-e7c2bf-256x144.webp)





