ছিনতাইয়ের কবলে শিক্ষিকার মৃত্যু: ৩ আসামি ৫ দিনের রিমান্ডে

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর ব্যাগ ধরে টান দেওয়ায় অটোরিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর মামলায় গ্রেপ্তার তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— মো. পনি ওরফে প্যারা পনি ওরফে পনি গাজী, সেড্রিক জুলিয়ান ও রাকিব হোসেন। এ দিন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শাহিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
তবে আসামিদের পক্ষে আইনজীবী আমির উদ্দিন আমির ও শাহাদাত হোসেন মামুন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানিতে তারা বলেন, ‘আমরা চাই সঠিক অপরাধীর বিচার হোক। নিরাপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়। এরা (তিন আসামি) ঘটনার সঙ্গে জড়িত না।’
আইনজীবীরা আরও বলেন, ‘যে মোটরসাইকেল শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়েছে, তার সঙ্গে এটার (ঘটনার সিসিটিভি ভিডিওতে দেখা যাওয়া মোটরসাইকেল) মিল নেই। এ ঘটনাকে অন্যখাতে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে।’ তবে শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
এদিকে শুনানি শেষে আদালত থেকে বের হয়ে আসামি পনি বলেন, ‘আমরা ঘটনার সঙ্গে জড়িত না। সত্যের জয় হবে। র্যাব ভুয়া। সব জায়গায় এখন এআই ক্যামেরা আছে। তাই আমরা ভয় করছি না। আল্লাহ একটা কিছু করবেই।’
নিহত রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তার মৃত্যুর ঘটনায় স্বামী আবদুল মতিন রোববার শেরেবাংলা নগর থানায় মামলা করেন। এরপর সেদিন অভিযান চালিয়ে পনিসহ তিন আসামিকে গ্রেপ্তার করে র্যাব-২।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ২৯ আগস্ট চোখের ডাক্তার দেখানোর উদ্দেশ্যে স্বামী আবদুল মতিনের সঙ্গে ভোরে মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেটসংলগ্ন পাকা সড়কে অটোরিকশায় করে যাচ্ছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতের ব্যাগ ধরে টান দেয়।
ছিনতাইকারীর টানে রনজিলা চলন্ত অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

















