আইইডিসিআর পরিচালককে মারধর: ড্যাব থেকে ডা. জাহিদের পদ স্থগিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৬: ২৮
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) লোগো।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) লোগো।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে মারধরের ঘটনায় ডা. জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ স্থগিত করেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিসের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলের সই করা নোটিসে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়েছে, সকালে আইইডিসিআরের পরিচালকের কক্ষে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় ডা. জাহিদের সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে তাঁর প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে।

নোটিসে আরও বলা হয়, তাঁর (ডা. জাহিদ হাসান) বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ড্যাবের সভাপতি ও মহাসচিবের কাছে যথোপযুক্ত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ডা. জাহিদ হাসান ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক।

এর আগে আজ সকাল ১১টার দিকে নিজের কার্যালয়ে মারধরের শিকার হন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি। দুপুরে আগামীর সময়কে তিনি বলেন, ‘আমার এখানে হামলা হয়েছে। এটি একটি সরকারি অফিস। যেহেতু সরকারি অফিসে হামলা হয়েছে সরকার এ বিষয়ে ব্যবস্থা নেবে।’

ঘটনার পর ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল জানিয়েছিলেন, হামলার শিকার পরিচালক এবং হামলার সঙ্গে জড়িত ডা. জাহিদ হাসান—দুজনই সংগঠনটির আজীবন সদস্য। তিনি বলেন, ‘আমরা খোঁজখবর নিচ্ছি।’

পরিচালকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে অন্যায় উল্লেখ করে ড্যাবের মহাসচিব আরও বলেছিলেন, সংগঠনের নাম বা প্রভাব ব্যবহার করে এ ঘটনা ঘটানো হলে সংগঠন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এরপরই ডা. জাহিদের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত এল।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad