নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একই পরিবারের শিশুসহ তিন সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শুক্রবার (৭ আগস্ট) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন—মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের আট বছর বয়সী সন্তান মারুফ। তারা নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সকালে আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। তিনজনের শরীরই মারাত্মকভাবে পুড়ে গেছে—মাইদুলের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং শিশু মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রাখা হয়েছে।
দগ্ধদের সঙ্গে কোনো স্বজন না থাকায় প্রাথমিক পর্যায়ে দুর্ঘটনার নির্দিষ্ট স্থান জানা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর সদরের ঠিক কোন এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে, তা শনাক্তে ফায়ার সার্ভিস তথ্য সংগ্রহের কাজ করছে।












-1dad22-256x144.webp)
-d04065-256x144.webp)



