গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই যানবাহনের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিবগাতি স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন প্রাইভেট কারের যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিবগাতি স্ট্যান্ডের সামনে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষের পর বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় প্রাইভেট কারের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেলা সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

-d04065-480x270.webp)















